Advertisement
ছাব্বিশের মেট গালায় অভিষেক করণের, লাল গালিচায় অন্তঃসত্ত্বা দীপিকা! আর কোন চমকের অপেক্ষা?
২০২৬-এর মেট গালায় থাকতে পারে বেশ কিছু চমক। লাল গালিচায় হাঁটতে পারেন অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকোন। পোশাক শিল্পী মণিশ মলহোত্রা পরিচালক করণের উপস্থিতি নিশ্চিত করেছেন।
বিনোদন জগতের জমকালো অনুষ্ঠানের মধ্যে অন্যতম 'মেট গালা'। বিনোদন, ফ্যাশন দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্বদের মিলনস্থল এই মেট গালা। বিশ্বব্যাপী ফ্যাশন ট্রেন্ড নির্ধারণের জন্য এই অনুষ্ঠানের একটা আলাদা মাহাত্ম্য আছে বললে অত্যুক্তি হবে না। এই মুহূর্তে বিশ্বের ফ্যাশন দুনিয়ার পাখির চোখ ২০২৬-এর মেট গালার দিকে। কবে কখন কোথায় মেটা গালা অনুষ্ঠিত হতে চলেছে?
৪ মে, সোমবার ২০২৬ নিউ ইয়র্ক সিটির বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এ অনুষ্ঠিত হতে চলেছে বিনোদনের বিরাট শো মেট গালা। ভারতীয় সময় অনুযায়ী দেশবাসী ৫ মে, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে থেকে মেট গালার অনুষ্ঠান দেখতে পারবেন।
প্রতিবারের মতো এবারেও নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর লাল গালিচায় দেখা যাবে তারকার মেলা। ভারতীয়দের জন্য একটু বেশিই স্পেশাল কারণ মেট গালায় এবার একঝাঁক দেশি তারকার সমাগম ঘটতে চলেছে। আর সেই তালিকায় নাকি রয়েছে বিরাট চমক। তাহলে আর দেরি কেন? জেনে নেওয়া যাক, মেটা গালা ২০২৬-এ কী চমক অপেক্ষা করছে?
'ফ্যাশন ইজ আর্ট' ড্রেস কোডে রেড কার্পেটে সৃজনশীলতার এক চমৎকার প্রদর্শনী দেখবে গোটা বিশ্ব। প্রতিবারের ন্যায় এবারেও সাহসী অবতারে সেলিব্রিটিদের আগমন ঘটবে বলেই মনে করা হচ্ছে। এবার আসা যাক চমকের কথায়। কানাঘুষো, অন্তঃসত্ত্বা অবস্থাতেই লাল গালিচায় হাঁটতে পারেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন।
অন্যদিকে ২০২৫-এ মেট গালার লাল বাগিচায় বেবি বাম্প প্রদর্শনের মাধ্যমে প্রথমবার বিনোদনের এই জমকালো অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কিয়ারা আডবানি। সেই পথেই এবার দীপিকা পাডুকোনও? মাতৃত্বকালীন ফ্যাশনে তিনি যে নতুন কোনও ট্রেন্ড সেট করবেন, তা বলাই বাহুল্য। দীপিকার অনুগামীরা তাঁর মেট গালার লুকের অপেক্ষায় রয়েছে তা বলার অপেক্ষাই রাখছে না।
চলতি বছরে মেট গালার রেড কার্পেটে অভিষেক ঘটবে পরিচালক করণ জোহরের। পোশাক শিল্পী মণিশ মলহোত্রা করণের মেট গালায় অভিষেকের খবরে সিলমোহর দিয়েছেন। উল্লেখ্য, ২০২৫-এ নিজে রেড কার্পেটে হেঁটেছিলেন মণিশ। দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা কারও অজানা নয়। প্রথম বার মেট গালার লাল বাগিচায় করণের স্টাইল স্টেটমেন্টের দিকে সকলের নজর থাকবে তা বলার অপেক্ষাই রাখে মনা।
চলতি বছরের সম্ভাব্য তালিকায় রয়েছেন রণবীর সিং থেকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, আলিয়া ভাট, ঈশা আম্বানি এবং নাতাশা পুনাওয়ালার মতো তারকারা। মেট গালায় প্রতিবার দীপিকার উজ্জ্বল উপস্থিতি সকলের নজর কাড়ে। ২০২৬ যে রণবীর ঘরনির কাছে স্পেশাল তা বলার অপেক্ষাই রাখে না। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে তাঁদের উপস্থিতি মেটা গালায় অংশগ্রহণের জল্পনা উসকে দিয়েছে।
দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে মেট গালার অন্যতম পথপ্রদর্শক হিসেবে চিহ্নিত করা হয়। ভারতীয় প্রতিনিধিত্বের দরজা তিনিই খুলে দিয়েছেন বললে অত্যুক্তি হবে না। ২০১৭ সালে মেট গালায় অভিষেকের পর ডিওরের পালকযুক্ত পোশাক থেকে বলমেনের টেইলরড স্যুটের মতো পোশাকে সাহসী ফ্যাশনের নজির গড়েছেন। তবে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, ৭৮ তম মেটগালায় সম্ভবত তিনি উপস্থিত থাকতে পারছেন না।
Published By: Kasturi KunduPosted: 09:30 PM May 02, 2026Updated: 09:30 PM May 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
