Advertisement
খড় কাটতে গিয়ে কাটল হাত, মহামেডানের কিশোর ফুটবলার আমিরের আর্তি, 'মাঠে ফিরতে চাই'
১ মে বাড়ির খড় কাটার মেশিনে হাত কাটা পড়ে সম্ভাবনাময় উইঙ্গারের। তবে লড়াই ছাড়তে রাজি নয় ক্যানিংয়ের আমির।
বয়স মাত্র ১৬। সবুজ ঘাসে ফুটবলের প্রতিভা ছড়ানোই ছিল আমির হোসেন লস্করের কাজ। মহামেডানের জার্সিতে সেটাই করছিল ক্যানিংয়ের জীবনতলার উইঙ্গার। কিন্তু দুর্ঘটনায় কনুই থেকে ডান হাতটাই বাদ পড়েছে আমিরের। এখনও হাসপাতালে চিকিৎসা চলছে। ধাক্কা সত্ত্বেও তার একটাই আর্তি, "দাদা, আমি ফের ফুটবল খেলতে চাই।"
১ মে বাড়ির কাজকর্মে ব্যস্ত ছিল আমির। হঠাৎই নেমে এল ভয়ানক বিপদ। সকালের বাড়ির গোয়ালের খড় কাটার মেশিনে আচমকা বাঁহাত ঢুকে যায়। সঙ্গে সঙ্গে রক্তারক্তি কাণ্ড। হাত পুরো ছিন্নভিন্ন। ডানহাত দিয়ে মেশিন বন্ধ করতে গিয়ে সেই হাতেও চিড় ধরে। যন্ত্রণায় ছটফট করতে থাকে ১৬ বছরের ছেলেটি।
দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। সঙ্গে সঙ্গে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করা হয়। বাঁহাতের কনুই থেকে বাদই পড়েছে। আপাতত পুরোটাই ব্যান্ডেজ করা। আর ডানহাতেও প্লাস্টার করা।
গলার মধ্যে চেপে রাখা কান্না যেমন আছে, তেমনই স্বপ্ন দেখাও ছাড়ছে না আমির। ফুটবল মাঠে ফিরতে কাতর আর্তি শোনা যায় তার গলায়। সংবাদ প্রতিদিনের তরফ থেকে আমিরের সঙ্গে যোগাযোগ করা হলে সে বলে, "এবছর অনূর্ধ্ব-১৭ দলে রেজিস্ট্রেশন হয়েছিল। তবে মূল দলে সুযোগ হয়নি। তাই অন্য দল খুঁজছিলাম।"
তার মধ্যেই এই বিপদ। মহামেডানের অনূর্ধ্ব-১৩ ও অনূর্ধ্ব-১৫ বিভাগে খেলেছে আমির। ডেভলপমেন্ট লিগেও খেলেছে। সাদা-কালো জার্সিতে ৭টা খেলেছে। দু'টো উইংয়েই সমান সচল। কৃষক পরিবারের ছেলে। বাড়িতে মা-বাবা ছাড়াও দাদা-বউদিরা আছেন।
দাদা জামালও দিনরাত এক করে হাসপাতালে পড়ে আছেন। মহামেডানে আমিরের কোচ মুরারী কর নিয়মিত যোগাযোগ রাখছেন। তার ছোটবেলার কোচ আলি রেজাও হাসপাতালে এসেছিলেন। আমিরের দাদা জামাল বলেন, "আমরা ওকে পুরোপুরি সুস্থ করার চেষ্টা করছি। ও যাতে মাঠে ফিরতে পারে, সেটার জন্য চেষ্টা করে যাব।"
কথার মধ্যেই আচমকা আমির কাতর কণ্ঠে বলে ওঠে, "আমি আবার ফুটবল খেলতে চাই। আমি সবুজ ঘাসে ফিরতে চাই।" বলতে বলতে কোথাও যেন একটা যন্ত্রণা বারবার উঠে আসছিল। তবু মনের মধ্যে একটা জেদ চেপে ধরে বসে আছে আমির। সে বুঝে গিয়েছে, মাঠে ফিরতে হলে অনেক লড়াই তাকে লড়তে হবে।
এখন থেকেই চোয়াল শক্ত করে রেখেছে সে। আমির কি অ্যালেক্স স্যাঞ্চেজের নাম শুনেছে? গোকুলাম কেরালায় খেলে যাওয়া স্প্যানিশ স্ট্রাইকার এক হাতেই খেলেছেন। ডাক্তারদের কাছেও আর্তি জানিয়েছে আমির। বারবার বলেছে, যেভাবেই হোক মাঠে ফিরতে চায়।
সে বলে, "ডাক্তাররা আমাকে আশ্বাস দিয়েছেন যে আমি ফের খেলতে পারব। ওঁরা সেই ব্যবস্থা করে দেবেন বলেছেন।" তবে কবের মধ্যে পুরোপুরি সুস্থ হবে বা কবের মধ্যে মাঠে ফিরতে পারবে, সেটা এখনও জানতে পারেনি সে।
Published By: Arpan DasPosted: 07:59 PM May 03, 2026Updated: 07:59 PM May 03, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
