Advertisement
মায়ের হাত ধরে শুটিং দেখা থেকে রাজনীতির মঞ্চে, কতটা ঝলমলে মুনমুন সেনের জীবন?
মায়ের সঙ্গে মাঝেমধ্যেই শুটিং সেটে যেতে যেতেই অভিনয়ের প্রতি ভালোবাসার জন্ম। ভিন্ন ভাষার ছবিতে কাজের পর যোদগান রাজনীতিতে। জন্মদিনে ফিরে দেখা মুনমুন সেনের রঙিন জীবন।
জন্মলগ্ন থেকেই সিনেদুনিয়ার সঙ্গে নারীর টান স্বনামধন্য বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনের। মায়ের সঙ্গে মাঝেমধ্যেই শুটিং সেটে যেতেন। যার ফলে অল্প বয়সেই অভিনয় জগতের সঙ্গে একটা নিবিড় সংযোগ তৈরি হয়ে যায়। বিখ্যাত চলচ্চিত্র পরিবারে কন্যা মুনমুন সেনের অভিনেত্রী হওয়াটা স্বাভাবিক বিষয় সে কথা বলাই বাহুল্য। তবে অভিনয় জীবন খুব একটা মসৃণ ছিল না। বরাবরই মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে তাঁকে।
মুনমুন সেন বিয়ে করেন ভরত দেব ভর্মাকে। যিনি ত্রিপুরার প্রাক্তন রাজপরিবারের সদস্য। তাঁদের দুই সন্তান রাইমা সেন ও রিয়া সেন। প্রথম কন্যা রাইমার জন্মের পর প্রথা ভেঙে অভিনয় চালিয়ে গিয়েছেন। সেই সময় অনেক অভিনেত্রী বিয়ে বা সন্তানের জন্মের পর অভিনয় থেকে সরে যেতেন। কিন্তু, স্রোতের বিপরীতে হেঁটে নজির গড়েছিলেন মুনমুন।
অভিনয়ে অভিষেকের আগে মডেলিং করতেন সুচিত্রা কন্যা। একাধিক বিজ্ঞাপনে কাজ করে সে সময়ই লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন ডাকসাইটে সুন্দরী মুনমুন সেন। একইসঙ্গে বিতর্কও সৃষ্টি হয়েছিল।
'কোরাস'-এর মাধ্যমে বাংলা ছবিতে হাতেখড়ি। এরপর রাজবধূ-তেও অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন। এরপর ১৯৮৪ সালে আনন্দ অউর আনন্দ ছবির হাত ধরে অভিষেক ঘটে বলিউডে। অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন মুনমুন সেন। এরপর বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেন। প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রেদেবী থেকে জ্যাকি শ্রফ, পুনম ধিলোঁ, বিনোদ খান্নার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। এছাড়াও হান্ড্রেড ডেজ ছবিতে মাধুরী দিক্ষীতের সঙ্গে স্ক্রিন শেয়ারকরেছিলেন। গ্ল্যামারাস ইমেজ দর্শকদের আকর্ষণ করলেও মায়ের সঙ্গে তুলনা এড়ানো সম্ভব হয়নি।
হিন্দি ও বাংলা ছবির পাশাপাশি তিনি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও কাজ করেন। ১৯৮৬ সালে তেলুগু সিনেমায় অভিনয় করেছিলেন মুনমুন সেন। এরপর আরও এক দক্ষিণী ছবি 'মঞ্জু'-তে নার্গাজুনের সঙ্গে অভিনয় করেন যা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল। এছাড়াও কন্নড়, তামিল ভাষার ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল।
পরবর্তী সময়ে নিজেকে পুরোপুরি বাংলা সিনেমায় নিমজ্জিত করেন। দীর্ঘদিন আঞ্চলিক ছবিতে কাজ করেন। শেষ চলচ্চিত্র ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্যঙ্গাত্মক কমেডি ভবিষ্যতের ভূত।
Published By: Kasturi KunduPosted: 09:52 PM Mar 28, 2026Updated: 09:52 PM Mar 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
