Advertisement
আন্দামানে ১০ লক্ষ গাছ 'খুন'! ছবি শেয়ার করে পরিবেশরক্ষার আহ্বান রাহুলের
সোশাল মিডিয়ায় ওই অঞ্চলের একগুচ্ছ মনোরম ছবি শেয়ার করেছেন কংগ্রেস নেতা।
‘গ্রেট নিকোবর প্রজেক্ট’-এর কারণে কাটা পড়বে সাড়ে আট থেকে দশ লক্ষ গাছ। গত কয়েকমাস ধরেই এই বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে। আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। এই পরিস্থিতিতে আজ, বিশ্ব পরিবেশ দিবসে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী শেয়ার করেছেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একগুচ্ছ ছবি। নাম না করে কেন্দ্রের সিদ্ধান্তকে বিঁধে পরিবেশরক্ষার আহ্বান করেছেন তিনি।
সোশাল মিডিয়ায় রাহুল লিখেছেন, 'বিশ্বের সবচেয়ে সুন্দর উপকূলীয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। যদি আমরা পরিবেশগত ভারসাম্য এবং টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দিতে পারি। আমি চাই আরও ভারতীয়রা এই অত্যাশ্চর্য দ্বীপগুলি ঘুরে দেখুক এবং তাদের নিজের চোখে ভারতের অবিশ্বাস্য ভাণ্ডারটির সাক্ষী হোক।'
বেশ কিছুদিন ধরেই এই ইস্যুকে কেন্দ্র করে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, ‘গ্রেট নিকোবর প্রজেক্ট’–এ চারটি প্রকল্পে কাজ করা হবে। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, গালাতিয়া উপকূলে কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, সৌরশক্তি প্লান্ট। এছাড়াও তৈরি করা হবে দু'টি উপকূলীয় শহর। এই প্রকল্প বাস্তবায়িত করতে গেলে নাকি সাড়ে আট থেকে দশ লক্ষ গাছ কাটা পড়বে বলে আশঙ্কা।
জীববিজ্ঞানীদের আশঙ্কা, সেক্ষেত্রে সেখানকার বাস্তুতন্ত্রই চূর্ণবিচূর্ণ হতে পারে। তবে এদিন রাহুল গান্ধী আলাদা করে এই বিষয়ে কিছু বলেননি। কিন্তু নাম না করলেও তিনি যেভাবে পরিবেশগত ভারসাম্যের পক্ষে সওয়াল করেছেন তাতে ওয়াকিবহাল মহলের ধারণা আন্দামান-নিকোবরের সৌন্দর্য নিয়ে তাঁর মন্তব্য আসলে ওই বিতর্ককে মাথায় রেখেই।
আসলে রাহুল এর আগেও এই বিষয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লোকসভায় বিরোধী দলনেতা লিখেছিলেন, ‘সরকার তাদের এই কর্মকাণ্ডকে একটি ‘প্রকল্প’ হিসেবে অভিহিত করছে। কিন্তু আমি যা দেখেছি, তা কোনও প্রকল্প নয়। তা হল কুঠারের আঘাতে বলি হওয়ার অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ বৃক্ষ।’
রাহুল জানান, ওই বৃক্ষগুলি এতই প্রাচীন, মানবস্মৃতির চেয়েও পুরনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই অরণ্যের পরিচর্যা করেছেন এখানকার সুন্দর মানুষেরা। কিন্তু তাঁদের সেই অধিকার লুট করা হচ্ছে। এদিন ফের নাম না করে এই প্রাকৃতিক সম্পদ রক্ষা করার আর্জি জানাতে দেখা গেল তাঁকে। কংগ্রেস নেতা বুঝিয়ে দিচ্ছেন, এর ফল সুদূরপ্রসারী হতে পারে।
Published By: Biswadip DeyPosted: 08:22 PM Jun 05, 2026Updated: 08:22 PM Jun 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
