Advertisement
তৃতীয় বিয়ের পরিকল্পনা করতেই আমিরকে কটাক্ষ! '৬০ বছরে বিয়েতে কী সমস্যা'? প্রশ্ন রাখি গুলজারের
৬০ বছরে তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির খান। খবর প্রকাশ্যে আসতেই 'হাসির খোরাক'-এ পরিণত হয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। কিন্তু, তাঁর এই সাহসী স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তকে সমর্থন করেছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার।
প্রেমের কাছে বয়স তো একটা সংখ্যামাত্র। জন্মসাল অনুযায়ী প্রাকৃতিক নিয়মে বয়স তো সকলেরই বাড়ে। কিন্তু, মনের বয়স? চুলে পাক ধরলেই কী আর বুড়িয়ে যায়! একেবারেই না, মনই তো চালিকাশক্তি। যাঁদের অন্তর চিরযৌবন তাঁরা কখনও বয়সের সংখ্যাকে তোয়াক্কা করে না। ঠিক যেমন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। ষাটোর্ধ্ব আমির খান যেন চিরযৌবন! বয়সকে তুড়ি মেরে ফের বরবেশে ধরা দিতে প্রস্তুত আমির।
ষাটেও আমিরের মনে প্রেমের নতুন বসন্ত। জন্মদিনেই প্রেমিকারর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। এবার সম্পর্ককে আইনি স্বীকৃতি দেওয়ার তোরজোর শুরু করেছেন প্রেমিকযুগল! সইসাবুত করে গৌরীর সঙ্গে সংসার পাতার পরিকল্পনা করছেন আমির। নিমন্ত্রিত থাকতে পারেন ইন্ডাস্ট্রির কাছের মানুষরাও। ইন্ডাস্ট্রির অন্দরে আপাতত এমনই ফিসফাস। একইসঙ্গে আমিরের তৃতীয় বিয়ে নিয়ে চলছে হাসিঠাট্টাও!
আমির ও গৌরীর বিয়ে নিয়ে ভক্তরা উচ্ছ্বসিত। কিন্তু, সমাজমাধ্যমের একাংশ ষাট বছরে অভিনেতার তৃতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এমতাবস্থায় আমিরের পাশে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় আমিরের বিয়ের প্রসঙ্গ উঠতেই নিজের মত ব্যক্ত করেন। তাঁর দৃষ্টিকোণ অনুযায়ী, বিয়ের জন্য বয়সের কোনও নির্দিষ্ট গণ্ডি থাকতে পারে না। আমিরের সমর্থনে রবার্ট ডি নিরোর প্রসঙ্গও টেনেছেন। যিনি দু’বার বিয়ে করেছেন এবং বর্তমানে টিফানি চেনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সর্বোপরি তাঁদের একটি কন্যাসন্তানও আছে।
৮০ বছরের বেশি বয়সে বাবা হয়েছেন রবার্ট। এই উদাহরণ টেনেই রাখির বক্তব্য, বয়স কখনও সুখী দাম্পত্যের চাবিকাঠি হতে পারে না। সংশ্লিষ্ট বিষয়ে নিজের বিয়ের দৃষ্টান্তও খাড়া করেছেন। তাঁর মতে, ৪০ বছরের গুলজারের সঙ্গে ঘর বেঁধেছিলেন। বিয়ের একবছরের মধ্যেই তাঁদের জীবনে এসেছেন কন্যা মেঘনা গুলজার। আমিরের সঙ্গে কোনওদিন কাজ করেননি তবুও তাঁর প্রতি যে রাখি অত্যন্ত স্নেহশীল তা অভিনেত্রীর বক্তব্যেই স্পষ্ট।
বিবাহবিচ্ছেদের পরও আমির খান তাঁর দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে সৌজন্যের সম্পর্ক বজায় রেখেছেন। এই বিষয়টি রাখির মনকে বিশেষভাবে প্রভাবিত করেছে। আমিরের ব্যক্তিত্ব এবং মানবিকতার লপ্রশংসা করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। আগামীতেও তিনি সুখে সংসার করবেন বলেই আশাবাদী রাখি গুলজার। পঁচিশ সালে গৌরী জীবনে আসার পর এক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, "আমি একা থাকতে পারি না। আমার সঙ্গীর প্রয়োজন হয়। সম্পর্কে থাকতে ভালোবাসি। আমার দুই প্রাক্তন স্ত্রী রিনা-কিরণের সঙ্গে আমি এখনও ঘনিষ্ঠ। কিন্তু আমার এখন ষাট ছুঁইছুই। আর কী বিয়ে করব? বড় কঠিন বিষয়। আমার দুটো বিয়েই তো অসফল।"
Published By: Kasturi KunduPosted: 06:26 PM Jun 07, 2026Updated: 06:26 PM Jun 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
