Advertisement
২-২-২ নিয়মে দাম্পত্য হবে আরও উষ্ণ! জেনে নিন গোপন রহস্য
সম্পর্ককে আরও মজবুত করে তুলতে আজ থেকেই ২-২-২ নিয়ম মেনে চলা শুরু করুন।
যতদিন যাচ্ছে ততই যেন বাড়ছে ব্যস্ততা। কেরিয়ারে ইঁদুরদৌড়ে টিকে থাকতে গিয়ে অফিসের সময় ক্রমশ দীর্ঘ হচ্ছে। ডেডলাইনের চাপে কখন যেন নিজের অজান্তে বাড়িই হয়ে যাচ্ছে অফিস। তার ফলে নিজেকেই ঠিকমতো সময় দেওয়া যায় না। দাম্পত্যে একে অপরকে সময় দেওয়া দূর অস্ত। ফলস্বরূপ এক ঘরে থেকেও দু'টি মানুষের মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব। সম্পর্কে বাড়ছে তিক্ততা। একসময় বিচ্ছেদের সিদ্ধান্তও নেন বহু দম্পতি।
সমীক্ষা বলছে, যতদিন যাচ্ছে বাড়ছে বিচ্ছেদের প্রবণতা। অনুঘটকের মতো কাজ করে একাধিক কারণ। ব্যস্ততাই যে একমাত্র কারণ তা বলা যায় না। তবে অন্যতম কারণ বললে অত্যুক্তি হয় না। ভেবে দেখুন, সম্পর্কে বিচ্ছেদই কি শেষ কথা? চাইলে সম্পর্কের বিনি সুতোয় আবারও আষ্টেপৃষ্টে দু'জনকে বেঁধে ফেলা যায় না? কথায় বলে, চেষ্টায় কী না হয়! দাম্পত্য সম্পর্ককে রঙিন করতে মেনে চলুন ২-২-২ নিয়ম।
নিয়মের কথা শুনে নিশ্চয়ই ভাবছেন কোনও খটমট বিষয়? মোটেও না, আসলে দু'জনের ভালো থাকার গোপন চাবিকাঠিই হল এই ২-২-২ নিয়ম। আসলে প্রতি ২ সপ্তাহে একবার দু'জনে মিলে একান্তে সময় কাটানো। প্রতি ২ মাস অন্তর সাপ্তাহিক ছুটি কাটানো। আর ২ বছর অন্তর কোথাও বেড়াতে যাওয়া। এই তিনটি কাজ করলেই আপনার সম্পর্ক থাকবে একেবারে প্রথম দিনের মতো রোমাঞ্চকর।
২-২-২ নিয়ম কেন গুরুত্বপূর্ণ? একসঙ্গে থাকতে থাকতে কখন যেন আমরা একঘেয়ে হয়ে যাই। সঙ্গীকে নতুন করে আবিষ্কার করতে রোজকার জীবন থেকে ছুটি নিয়ে ২ সপ্তাহ অন্তর অন্যরকম কিছু করুন। কোথাও না গেলেও বাড়িতে সময় কাটান। একসঙ্গে সিনেমা কিংবা ওয়েব সিরিজ দেখুন। গান শুনুন। ভালোমন্দ খাওয়াদাওয়া করুন। রান্নাবান্নাও করতে পারেন। কাজ ভাগ করে নিলে সঙ্গিনীর 'দিলখুশ' হতে বেশি সময় লাগবে না।
নিয়ম দ্বিতীয় ধাপ প্রতি ২ মাস অন্তর সাপ্তাহিক ছুটি কাটানো। অফিসের কাজের চাপ ভুলে যান। শুক্রবার বাক্সপ্যাঁটরা গুছিয়ে বাড়ির কাছে কোথাও বেরিয়ে পড়ুন। কোন জায়গা বাছছেন সেটি গুরুত্বপূর্ণ নয়, দু'জনে সময় কাটানোই একমাত্র লক্ষ্য। যেতে পারেন হালফিলের রিসর্টে। সবার প্রথম মোবাইল দূরে সরিয়ে রাখুন। গল্পগুজব করুন। তাতেই দেখবেন মান অভিমান গলে জল। একে অপরের আরও কাছে চলে এসেছেন।
আর এই নিয়মের শেষ ধাপ অনুযায়ী আপনাকে ২ বছর অন্তর একবার লম্বা ছুটিতে যেতে হবে। এক্ষেত্রে অবশ্য কিছুটা সময় নিয়ে পরিকল্পনা করুন। দু'জনের ভালোলাগার কথা মাথায় রেখে শহর, জঙ্গল নাকি সমুদ্রে যাবেন তা স্থির করুন। কিংবা চাইলে সঙ্গীর হাতে হাতে রেখে যেতে পারেন বিদেশ সফরেও। আপনার পকেটের রেস্তো অনুযায়ী ছুটি কাটান। রোজকার দায়দায়িত্ব থেকে ছুটি নিলে মন হয়ে উঠবে ফুরফুরে।
Published By: Sayani SenPosted: 05:20 PM Jun 13, 2026Updated: 05:20 PM Jun 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
