Advertisement
পুরুষের তুলনায় নারীর যৌন আকাঙ্ক্ষা কম কেন? হরমোন নয়, আসল কারণ জানলে চমকে যাবেন
তিনশোর বেশি বৈজ্ঞানিক সমীক্ষা ঘেঁটে কী জানাচ্ছেন গবেষকরা?
বলা হয়, পুরুষের শরীরী খিদে নারীর তুলনায় ঢের বেশি। কেন এই অসাম্য? কী কারণে মেয়েদের যৌন আকাঙ্ক্ষা ছেলেদের মতো তীব্র নয়? এতদিন এই প্রসঙ্গে দায়ী করা হত মহিলাদের হরমোন ও বিবর্তনের মতো নানা বিষয়কে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় একেবারে নতুন একটা দিক উঠে এসেছে।
কানাডার ইউনিভার্সিটি অফ মিসইসাউগা তথা ইউটিএমের মনস্তত্ত্ব বিভাগের গবেষকরা জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক হতে হতেই ছেলে ও মেয়েদের মধ্যেই একটা 'লিবিডো গ্যাপ' অর্থাৎ যৌন আকাঙ্ক্ষার ফারাক তৈরি হয়ে যায়। কিন্তু কেন? তিনশোর বেশি বৈজ্ঞানিক সমীক্ষা ঘেঁটে গবেষকরা জানাচ্ছেন হরমোন নয়, এর নেপথ্যে একেবারেই ভিন্ন কারণ রয়েছে।
সাধারণ ভাবে মেয়েদের হরমোন সংক্রান্ত বা অন্যান্য শারীরিক সমস্যাকেই 'ভিলেন' বানানো হয় এই ইস্যুতে। অন্তত এতদিনের প্রচলিত ধারণা সেদিকেই আঙুল তুলত। এবার গবেষকরা সেই সব কারণকে সরিয়ে বিস্তৃত সমীক্ষার মধ্যে দিয়ে একেবারে অন্য একটি দিকে আলো ফেলেছেন। জানিয়েছেন, জীবনের শুরুর দিনে নারীর তুলনায় পুরুষের 'ঝুঁকি' অনেক কম থাকে। আর সেটাই হয়ে ওঠে বড় ফ্যাক্টর।
গবেষণাপত্রটির লেখক ডায়না পেরাজিন এই বিষয়ে এক বিবৃতিতে বলেছেন, ''আমাদের গবেষণায় উঠে এসেছে যে ৫৫ শতাংশ নারীর যৌন আকাঙ্ক্ষার ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে ওঠে তাঁদের প্রথমদিকের এবং কম প্রাপ্তির যৌন অভিজ্ঞতাগুলিই।''
তিনি বলেছেন, পাশ্চাত্যে ১৭-১৮ বছর বয়সে অনেকেই জীবনের প্রথম যৌন অভিজ্ঞতার শরিক হন। সেই বয়সে মস্তিষ্ক অধিকতর স্পর্শকাতর থাকে নতুন অভিজ্ঞতা থেকে শেখার আকাঙ্ক্ষায়। আর এক্ষেত্রেই হয়ে যাচ্ছে গোলমাল। বলা হচ্ছে, একেবারে শুরুর দিকের প্রত্যক্ষ যৌন অভিজ্ঞতা মানুষের সারা জীবনের শরীরী খিদের দিকটি নিয়ন্ত্রণ করে।
সমীক্ষায় দেখা যাচ্ছে, প্রথম দিকের যৌন সংসর্গে একাধিক খারাপ অভিজ্ঞতা থাকে। পুরুষদের তুলনায় নারীদের তারুণ্যের দিনগুলিতে সঙ্গমের অভিজ্ঞতা অধিকাংশ ক্ষেত্রে যন্ত্রণাদায়ক। এছাড়াও ঝুঁকিও মেয়েদের অনেক বেশি। যৌন সংক্রামক অসুখ, অন্তঃসত্ত্বা হয়ে পড়া, গর্ভপাতের মতো নানা অপ্রীতিকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় তাঁদের।
এছাড়াও অল্পবয়সের যৌন অভিজ্ঞতা নানা ঝক্কির মধ্যে ফেলে নারীদের। অনেক তরুণীকেই এর কারণে সামাজিক অস্বস্তির মুখেও পড়তে হয়। সেই সঙ্গে বন্ধুবিচ্ছেদও হয় এর কারণে। তাই প্রথম যৌবনের বসন্ত-বিকেল অনেক সময়ই ডেকে আনে মনখারাপের ঝুঁঝকো সন্ধেকে।
গবেষকরা বলছেন এই সব নানাবিধ অস্বস্তি 'নিখুঁত ঝড়'-এর চেহারা ধারণ করে অনেকের ক্ষেত্রে। সারা জীবনের মতো যৌন আকাঙ্ক্ষার দিকটি ঘেঁটে যায় যেন। যৌন তৃপ্তির চেয়ে যৌনতা তাদের কাছে উৎকণ্ঠা, ঝুঁকির সমাহার হয়ে দেখা দেয়। এই বিষয়টি পুরুষদের ক্ষেত্রে তুলনায় অনেকটাই কম।
Published By: Biswadip DeyPosted: 09:30 PM Mar 09, 2026Updated: 09:30 PM Mar 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
