Advertisement
কেন্দ্র না রাজ্য, গ্যাসের দাম নিয়ন্ত্রণ করে কে? LPG বিক্রিতে রোজগার বেশি কোন সরকারের?
রাজ্য সরকার সিলিন্ডারে কত কর পায়? ডিলারদের কমিশনই বা কত?
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহ। আচমকাই যেন দেশে জ্বালানি সংকটের পরিস্থিতি। পেট্রল-ডিজেলের সরবরাহে এখনও সমস্যা না হলেও রান্নার গ্যাসে ইতিমধ্যেই প্রভাব পড়া শুরু করেছে।
একযোগে ৬০ টাকা বাড়ানো হয়েছে গৃহস্থালিতে ব্যবহৃত গ্যাসের দাম। ফলে কলকাতায় নতুন দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১৯৯০ টাকা।
সমস্যার এখানেই শেষ নয়, গ্যাসের সরবরাহেও সমস্যা হচ্ছে। কড়াকড়ি করা হচ্ছে বুকিংয়ের নিয়মেও। সরকারের নির্দেশ, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২১ দিনের ব্যবধান থাকতে হবে। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার পাওয়ার ২১ দিন না হলে দ্বিতীয়টির বুকিং করা যাবে না। বর্তমানে ১৫ দিনের সময়সীমা রয়েছে।
সাপ্লাইয়ের ঘাটতির আশঙ্কায় প্যানিক বুকিং যাতে না হয়, মজুত এলপিজি ভাণ্ডারে ভারসাম্য থাকে, সেজন্যই এমন পদক্ষেপ। কিন্তু এই খবরে প্যানিক বুকিং আরও বাড়ছে। এমনকী শুরু হয়েছে কালোবাজারি।
এই পরিস্থিতি অনেকেরই প্রশ্ন, এই যে আচমকা গ্যাসের দাম বাড়ল এটার দায় কার? কেন্দ্র সরকারের নাকি রাজ্যের? গ্যাসের সিলিন্ডারে করের টাকাই বা বেশি পায় কারা? বস্তুত, দেশে গ্যাস সরবরাহ করে মূলত রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম ঠিক করা হয়। ফলে দেশে গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে। তবে দরকার পড়লে কেন্দ্র ভরতুকি দিয়ে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণ করতে পারে। সরাসরি রাজ্য সরকার দাম নিয়ন্ত্রণ করতে পারে না।
এখন প্রশ্ন হল, এলপিজি সিলিন্ডারে রাজ্য সরকার না কেন্দ্র সরকার, কারা বেশি কর পায়? উত্তর হল, কেউই বেশি বা কম কর পায় না। ভারতে গৃহস্থালির LPG সিলিন্ডারের উপর আলাদা করে কোনও রাজ্য কর নেই। সারা দেশে একই ৫% জিএসটি প্রযোজ্য। এর মধ্যে আড়াই শতাংশ কেন্দ্রের, বাকি আড়াই শতাংশ রাজ্যের। তাই এক রাজ্যে কর বেশি, অন্য রাজ্যে কম-এমনটা হয় না।
তবে কোনও রাজ্য চাইলে জিএসটিতে নিজেদের ভাগ থেকে দাম কমাতে পারে। যদিও সেই অঙ্কটা খুব কম হয়। তাছাড়া অধিকাংশ রাজ্যেরই যেহেতু আর্থিক পরিস্থিতি ভালো নয়, তাই রাজ্য সরকারের পক্ষে দাম কমানো কঠিন।
এই মুহূর্তে কলকাতায় একটি গৃহস্থালির LPG সিলিন্ডারের বাজার নির্ধারিত মূল দাম ৮২৩.৮০ টাকা। এর উপর ৫% জিএসটি বসে, যার পরিমাণ প্রায় ৪৩.৩৬ টাকা। এই জিএসটির মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকার সমান ভাগ পায়। কেন্দ্রের অংশ (CGST ২.৫%) ২১.৬৮ টাকা এবং রাজ্যের অংশ (SGST ২.৫%) - ২১.৬৮ টাকা।
Published By: Subhajit MandalPosted: 04:28 PM Mar 09, 2026Updated: 04:28 PM Mar 09, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
