Advertisement
চাঁদার টাকায় খেলা শুরু, 'বাতিল' করে কেকেআর, ভুলে যাওয়া অশ্বনীই এখন মুম্বইয়ের তুরুপের তাস
জশপ্রীত বুমরাহ ও মিচেল স্টার্ককে আদর্শ বলে মানেন মুম্বইয়ের নতুন পেসার অশ্বনী কুমার।
জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, শার্দূল ঠাকুর। এঁদের মাঝে অশ্বনী কুমার নামের এক আনকোরা পেসারের নাম হয়তো আসাই উচিত নয়। কিন্তু আইপিএল এরকমই। কে যে কখন নায়ক হয়ে যাবে কে বলতে পারে। ছেড়া জুতোতে ক্রিকেট শুরু। বাতিল করেছে নাইটরা। সেই অশ্বনীই চার উইকেট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ে ফেরাল।
আইপিএলে প্রথম ম্যাচে জয়। তারপর টানা চারটে ম্যাচে হেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারকাখচিত ব্যাটিং তো বটেই, বোলিং বিভাগও চূড়ান্ত ব্যর্থ। ৫ ম্যাচ উইকেটের দেখা নেই জশপ্রীত বুমরাহর বল থেকে। এই অবস্থায় হার্দিক পাণ্ডিয়াদের বাঁচাবেন কে? এগিয়ে এলেন ২৪ বছর বয়সি এক যুবক। নাম অশ্বনী কুমার।
গুজরাটের বিরুদ্ধে তাঁর বোলিং পরিসংখ্যান ৪-০-২৪-৪। ঝুলিতে শুভমান গিল, রাহুল তেওয়াটিয়া, শাহরুখ খান ও রশিদ খানের উইকেট। ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাটের ইনিংস শেষ মাত্র ১০০ রানে। মজার বিষয়, গতবছরও আইপিএলে ২৪ রানে ৪ উইকেট তুলেছিলেন অশ্বনী।
যা অভিষেকে কোনও ভারতীয় বোলারের সর্বোচ্চ রেকর্ড। অথচ ঘরে যে এরকম একটা অস্ত্র আছে, তা হার্দিকরা ভুলেই গিয়েছিলেন। জোর করে দীপক চাহার বা শার্দূল ঠাকুরদের খেলিয়ে যাচ্ছিলেন। চাপের মুখে মাথা ঠান্ডা রাখা কিংবা পিচের চরিত্র বোঝার ক্ষেত্রে অভিজ্ঞ দুই ক্রিকেটারের থেকে বেশি বুদ্ধিমত্তা দেখিয়েছেন অশ্বনী।
ম্যাচের পর তিনি বলেন, "এই পিচ কালো মাটির। তাই এখানে বল ওঠে না। প্রথম বল থেকেই বুঝতে পারি, এখানে বাউন্স অসমান। তাই ম্যাচের মধ্যে পুরনো পরিকল্পনা থেকে সরে আসি। ব্যাটারদের হাতের গতিবিধি নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কিন্তু মাঠে গিয়ে বুঝতে পারি, অবস্থা বুঝে বল করি।"
কীরকম? অশ্বনীর ব্যাখ্যা, "আমি হার্ড লেংথে বল করা শুরু করি। ব্যাক অফ আ লেংথে বল করে সুবিধা হয়। তাই আমি সেভাবে বল করি। আমি নেটে ইয়র্কার ও সুইং বোলিং করি। আমি সুযোগের অপেক্ষা করছিলাম। নিজেকে তৈরি রেখেছিলাম।"
এই তৈরি রাখার গল্পটা অনেক পুরনো। আর তার সঙ্গে অধিনায়কের ভুলে যাওয়ার গল্পও। গত বছর অভিষেক ম্যাচে টসের সময় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া পর্যন্ত প্রথমে তাঁর নাম ভুলে গিয়েছিলেন। সেবার নাইটদের অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে এবং আন্দ্রে রাসেলকে ফিরিয়েছিলেন।
মিনি নিলাম থেকে পাঞ্জাবের অশ্বনী কুমারকে মাত্র চল্লিশ লক্ষ টাকায় কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিনেছিল, পাঞ্জাবের স্থানীয় শের-ই-পাঞ্জাব টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাঁর ডেথ ওভারের বোলিংয়ে দক্ষতা দেখে। কার্যত খালি পেটে নাইট শিবিরে ভাঙন ধরিয়ে রেকর্ড গড়েন। এবার অবশ্য অনেকটাই নিজেকে গুছিয়ে নিয়েছেন। অতো দুশ্চিন্তাও করেন না।
জশপ্রীত বুমরাহ ও মিচেল স্টার্ককে আদর্শ বলে মানেন অশ্বনী কুমার। মজার বিষয়, অশ্বনীর সাফল্যের দিনই কামব্যাক হল বুমরাহর। ৩২৫ দিন পর আইপিএলে উইকেট পেলেন বুম বুম। এর আগে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসে ট্রায়াল দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সুযোগ পাননি।
Published By: Arpan DasPosted: 04:52 PM Apr 21, 2026Updated: 04:52 PM Apr 21, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
