Advertisement
বাড়ির ছাদে ক্রিকেটে হাতেখড়ি, এবার ভারতীয় দলে অভিষেক সেই অনুষ্কা শর্মার, কীভাবে উত্থান?
ভারতীয় মহিলা টি-টোয়েন্টি দলে অভিষেক করেছেন ২২ বছরের এই অলরাউন্ডার।
হাতে পুরনো ব্যাট, চোখে স্বপ্ন। চারপাশে অনেক বাধা। তখনও কেউ ভাবেনি, মেয়েটাই একদিন ভারতের জার্সি গায়ে তুলে নেবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচের আগে টিম মিটিংয়ে যখন তাঁর নামটা ঘোষণা করা হল, প্রথমে যেন বিশ্বাসই করতে পারছিলেন না অনুষ্কা শর্মা। নতুন ইতিহাস লিখলেন মধ্যপ্রদেশের ২২ বছরের এই অলরাউন্ডার।
গোয়ালিয়রের মেয়ে অনুষ্কার এই যাত্রা মধ্যপ্রদেশের ক্রিকেটে গর্বের মুহূর্ত হিসাবে দেখা হচ্ছে। একই দলে জায়গা পেয়েছেন রাজ্যের আর এক ক্রিকেটার ক্রান্তি গৌড়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে ৩১ বলে ২৮ রানের লড়াকু ইনিংস উপহার দেন অনুষ্কা। মারে তিনটি চার। শেফালি বর্মার সঙ্গে জুটি বেঁধে ৫৩ রানের জুটিও বাঁধেন অনুষ্কা।
কে এই অনুষ্কা? ভারত 'এ' দলের হয়ে খেলছেন। সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে।
উইমেন্স প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের হয়ে খেলে ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। ৪৫ লক্ষ টাকায় দলে নেওয়া এই ক্রিকেটার নজর কেড়েছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগে। ৭ ম্যাচে করেছিলেন ১৭৭ রান।। গড় ২৫.২৯। সর্বোচ্চ রান ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে ৪৪।
গোয়ালিয়র থেকে প্রথম ক্রিকেটার হিসাবে ডব্লিউপিএলে সুযোগ পাওয়ার নজিরও গড়েছেন অনুষ্কা। তাঁর এই সাফল্য স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় প্রেরণা হয়ে উঠেছে। ঘরোয়া ক্রিকেট, ডব্লিউপিএল এবং এশিয়া কাপে ধারাবাহিক ভালো পারফরম্যান্সই জাতীয় দলে তাঁর জায়গা পাকা করে দেয়।
সিনিয়র উইমেন্স ইন্টার-জোনাল ট্রফিতে সেন্ট্রাল জোনের হয়ে অনুষ্কা ৫৮ বলে ৮০ রান করেছিলেন। এছাড়াও তিনি সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে ২০৭ রান করেন। নজরকাড়া ব্যাটিং দেখে ডব্লিউপিএলের নিলামের আসরে বেশ কয়েকটি দল তাঁকে নিতে আগ্রহী হয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সও তার জন্য বিড করেছিল। তবে নিলামের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতে নেয় গুজরাট জায়ান্টস।
২০০৩ সালের ৫ এপ্রিল জন্ম অনুষ্কার। তিনি মধ্যপ্রদেশ মহিলা দল, ভারত 'বি' মহিলা দল, 'সি' মহিলা দল, সেন্ট্রাল জোন এবং বুন্দেলখণ্ড বুলস মহিলা দলের হয়েও খেলেছেন। কীভাবে ক্রিকেটে এলেন? শিবপুরী ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়া অনুষ্কা ছোটবেলা থেকেই পরিশ্রমী ও শৃঙ্খলাপরায়ণ ছিলেন। ১৩-১৪ বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি হলেও গত কয়েক বছরে তাঁর খেলায় অভূতপূর্ব উন্নতি হয়।
একটি সামার ক্যাম্পে অংশ নেওয়ার পরই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় অনুষ্কার। সেখানেই কোচ তাঁর প্রতিভা চিহ্নিত করেন। অনুষ্কার বাবা ব্রিজমোহন শর্মা বলেন, “সামার ক্যাম্পের এক কোচই প্রথম বলেছিলেন, ওকে ক্রিকেটে শেখানো উচিত। কারণ ওর মধ্যে বিশেষ প্রতিভা রয়েছে।”
এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরিবারের সমর্থন তাঁর সাফল্যের অন্যতম ভিত্তি। মা নীলম শর্মা এবং দাদা আয়ুষ শর্মা সবসময় তাঁকে উৎসাহ জুগিয়েছেন। অনুষ্কা তখন ছোট। বাড়ির ছাদে ভাইবোনেরা একসঙ্গে খেলছিলেন। ঠিক সেই সময় হাতে ব্যাট তুলে নিয়েছিলেন অনুষ্কা। ক্রিকেটের প্রতি তাঁর অনুরাগ লক্ষ্য করেন দাদা আয়ুষই।
Published By: Prasenjit DuttaPosted: 06:25 PM Apr 20, 2026Updated: 09:12 PM Apr 20, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
