Advertisement
মনোক্রমেই লুকিয়ে রহস্য! মাত্র ২৩-এ ভোলবদল, অভিনয়ে হাতেখড়ি শ্রাবন্তী পুত্র ঝিনুকের?
শ্রাবন্তীর পারফরম্যান্সে যখন সিনেপ্রেমীরা বুঁদ, ঠিক সেই সময় 'ধুরন্ধর' ফটোশুটে সব লাইমলাইট ছিনিয়ে নিলেন অভিনেত্রীর তেইশ বছরের ছেলে ঝিনুক।
শিশু অভিনেত্রী হিসেবে 'মায়ার বাঁধন'-এ হাতেখড়ি টলি ক্যুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। ধীরে ধীরে শ্রাবন্তীর 'জোশ'-এ একেবারে 'জিও পাগলা' বাংলা ছবির দর্শক। আজও শ্রাবন্তী দর্শকের হৃদয়ের রানি! দেব-জিৎ-এর সঙ্গে পর্দা কাঁপানোর পর বর্তমানে আইটেম ডান্সেও পর্দায় আগুন ঝরান শ্রাবন্তী। মায়ের পারফরম্যান্সে যখন সিনেপ্রেমীরা বুঁদ, ঠিক সেই সময় 'ধুরন্ধর' ফটোশুটে সব লাইমলাইট ছিনিয়ে নিলেন শ্রাবন্তীর তেইশ বছরের ছেলে ঝিনুক।
সাদা-কালো পোর্ট্রেট ছবিতে সোশাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন তারকা সন্তান। বোতাম খোলা শার্টে মনোক্রম লুকে সুঠাম চেহারায় 'ক্লিন বোল্ড' নেটভুবন। নামের সঙ্গে 'সেলেব' তকমা না জুড়লেও একটা ফ্যান ফলোয়ার্স আছে তা বলাই বাহুল্য। ঝিনুকের ফটোশুট আলোড়ন ফেলে দিয়েছে মহিলা ভক্তমহলে সে কথা বলার অপেক্ষাই রাখছে না। ইনস্টা হ্যান্ডেল থেকে সব ছবি সরিয়ে শুধুমাত্র মনোক্রম ফটোশুটের ছবি! নেপথ্যে লুকিয়ে কোন রহস্য?
মাত্র ২৩-এ ঝিনুক ওরফে অভিমুন্যর এই 'সুপুরুষ' অবতারে যেন তাঁকে চেনাই দায়! সমাজমাধ্যমে দবানলের গতিতে ছবি ভাইরাল হতেই একাংশের দাবি, টলিউডের যে কোনও সুপারস্টারকে অনায়াসে টেক্কা দিতে পারেন তিনি। এরপরই শুরু হয়েছে অভিনয়ে হাতেখড়ির জল্পনা। তারকা সন্তানদের ঘিরে এমন চর্চাই তো স্বাভাবিক। যদিও সেই মর্মে শ্রাবন্তী বা ঝিনুক এখনও পর্যন্ত কিছু জানাননি।
মনোক্রম ছবি কেন বেছে নিলেন সেই কারণ বাতলে ঝিনুক লিখেছেন, 'রঙের মোহ থেকে দূরে থাকতেই সাদা-কালোকে বেছে নিয়েছি।' সেলেব মম শ্রাবন্তীর গ্ল্যামার নিয়ে আজ আর নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ঝিনুকের বাবা পরিচালক রাজীব। মায়ের সৌন্দর্য আর বাবার ব্যক্তিত্বের ছাপ একদম স্পষ্ট। বাংলা ইন্ডাস্ট্রি সত্যিই নতুন কোনও নায়ক পাচ্ছে কিনা এখন সেটাই দেখার।
অভিমন্যুর এই নতুন রূপে চোখ কপালে পরিচিতমহলে। এমন পরিণত ব্যক্তিত্ব, আত্মবিশ্বাসী উপস্থিতি আর অনবদ্য স্টাইল স্টেটমেন্টে সেই চেনা ‘ঝিনুক’ একেবারে উধাও! সিনপাড়ায় আত্মপ্রকাশের জল্পনার মাঝে শ্রাবন্তীর বহু পুরনো একটি মন্তব্য। যেখানে ছেলের ইচ্ছে প্রসঙ্গে জানিয়েছিলেন, অভিমুন্য কখনও অভিনেতা হতে চান না, বরং ক্যামেরার পিছনের কাজেই বেশি স্বচ্ছন্দ্য।
আরও বলেছিলেন, অভিনয়ের চেয়ে গান এবং নির্দেশনার প্রতি বেশি আকর্ষণ। ইতিমধ্যেই পরিচালক শ্রীজাতর ‘মানবজমিন’ ছবিতে সহকারী হিসেবে কাজও করে ফেলেছেন ঝিনুক। তবে আপাতত পড়াশোনাই প্রধান লক্ষ্য। শ্রাবন্তী ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখলেও ছেলে একেবারে বিপরীত। দামিনীর সঙ্গে মাখমাখ প্রেমের ছবি, ব্যক্তিগত ফটোশুট সবই সোশাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন।
Published By: Kasturi KunduPosted: 05:14 PM Jun 08, 2026Updated: 05:14 PM Jun 08, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
