Advertisement
সিকিমের ঐতিহ্যবাহী মুখোশের নেপথ্যে নানা অজানা কাহিনি, কোন মুখোশ কীসের প্রতীক?
প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন বৌদ্ধ লামারা।
কারুশিল্পের মূল্যবান সাংস্কৃতিক নিদর্শন হিসেবে সিকিমের মুখোশ শিল্প অনবদ্য। তা কেবল একটি হস্তশিল্প নয়। সেখানকার সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বৌদ্ধধর্মের গভীর প্রভাব ও স্থানীয় জনজীবনের রীতিনীতিকে তুলে ধরে সিকিমের এই 'মুখোশ শিল্প'।
সিকিমের মুখোশ শিল্পের মূল ভিত্তি হল বজ্রযান বৌদ্ধধর্ম। এই মুখোশগুলি মূলত ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুজো এবং উৎসবগুলিতে ব্যবহৃত হয়। এগুলি অশুভ শক্তিকে তাড়াতে ও শুভ শক্তিকে আহ্বান করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।
এই মুখোশগুলি সাধারণত বৌদ্ধ লামারা তৈরি করেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তাঁরা। এই মুখোশ শিল্পের অন্তর্হিত আধ্যাত্মিক তাৎপর্যকে প্রকাশ করাই তাঁদের মূল উদ্দেশ্য। মুখোশ তৈরির বিশেষ প্রক্রিয়াকে পবিত্র আচার হিসেবে পালন করেন তাঁরা।
মুখোশ তৈরিতে কাঠ, কাগজ, মাটি এবং প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। হালকা ও সহজে খোদাই করা যায় এমন ধরনের কাঠই মুখোশ তৈরিতে বেছে নেওয়া হয়। রংগুলি খনিজ ও উদ্ভিজ্জ উপাদান থেকে তৈরি। মুখোশগুলিতে প্রাকৃতিক আভা ফুটিয়ে তুলতে এই রংগুলি বিশেষ ভূমিকা নেয়।
প্রতিটি মুখোশের নিজস্ব প্রতীকী অর্থ আছে। কিছু মুখোশ ক্রোধিত দেব-দেবী, যেমন মহাকাল বা যমরাজের প্রতিনিধিত্ব করে, যারা অশুভ শক্তিকে দমন করে। আবার কিছু মুখোশ শান্ত সৌম্য দেবতা বা পৌরাণিক প্রাণীর প্রতীক, যারা সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে।
'ছাম' নৃত্য সিকিমের মুখোশ শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই নৃত্যে লামারা মুখোশ পরিধান করে বিভিন্ন পৌরাণিক কাহিনি ও নৈতিক শিক্ষা প্রদর্শন করেন। এই নৃত্যের মাধ্যমে অশুভ শক্তিকে দূর করা হয়। আত্মাকে শুদ্ধ করার বার্তা বয়ে আনে এই ছাম নৃত্য।
'লোসুং' সিকিমের অন্যতম প্রধান উৎসব, যা ফসল কাটার পরে পালিত হয়। এই উৎসবে মুখোশ নৃত্য একটি অবিচ্ছেদ্য অংশ। নৃত্য পরিবেশনার মাধ্যমে নতুন বছরের জন্য সুখ, সমৃদ্ধি এবং ভালো ফসলের প্রার্থনা করা হয়।
কালচক্র পূজা বৌদ্ধধর্মের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যেখানে সময় ও সৃষ্টির ধারণাকে কেন্দ্র করে গভীর আধ্যাত্মিক চর্চা করা হয়। এই পুজোতে ব্যবহৃত মুখোশগুলি মহাজাগতিক শক্তি ও বোধি লাভের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
সিকিমের মুখোশগুলি তাদের উজ্জ্বল রং ও অলঙ্করণের জন্য বিশেষ পরিচিত। লাল, নীল, সবুজ, হলুদ এবং সাদা রংগুলি বিভিন্ন গুণাবলী ও শক্তির প্রতীক। সূক্ষ্ম কারুকার্য মুখোশগুলিকে আরও জীবন্ত করে তোলে।
মুখোশ শিল্প সিকিমের সাংস্কৃতিক পরিচয়কে বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি শুধু একটি শিল্পরূপ নয়, এটি সিকিমের আদি ঐতিহ্য, স্থানীয় বিশ্বাস ও মূল্যবোধকে প্রতিফলিত করে। আপনার পরবর্তী গন্তব্যস্থান যদি সিকিম হয়ে থাকে তাহলে সেখানকার দীর্ঘ ঐতিহ্যের প্রতীক এই মুখোশ সংগ্রহ করতে ভুলবেন না যেন!
Published By: Buddhadeb HalderPosted: 06:32 PM Jul 02, 2025Updated: 06:32 PM Jul 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
