Advertisement
কেউ বাটলেন মশলা, কেউ মাঠে চষলেন লাঙল, ভোটের বঙ্গে রাজ্যজুড়ে প্রচারের নানা রঙ্গ
দেখে নিন রঙিন প্রচারের ছবি।
বঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। প্রচারে ঝাঁপিয়েছেন সব দলের প্রার্থীরা। 'আমি তোমাদেরই লোক', ভোটারদের কাছে এই বার্তা পৌঁছে দিতে মরিয়া সব প্রার্থীরাই। তাই কেউ প্রচারে গিয়ে ঢুকে পড়ছেন গৃহস্থের হেঁশেলে, কেউ আবার জমিতে গিয়ে সাহায্য করছেন চাষের কাজে।
তৃণমূলের গোঘাটের প্রার্থী কলকাতার বাসিন্দা নির্মল মাজি। গোঘাটের মানুষ তাঁকে বহিরাগত যেন না ভাবে তা নিশ্চিত করতে মরিয়া প্রার্থী। তাই প্রচারে বেরিয়ে সবস্তরের মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছেন। বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আবার সটান ঢুকে পড়েছেন ভোটারের হেঁশেলে। খুন্তি নাড়ানোর পাশাপাশি উঠোনে বসে ডাল-মাছ-ভাতে সেরেছেন মধ্যাহ্নভোজনও।
নারায়ণগড় বিধানসভা আসনের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। প্রচারে বেরিয়ে এলাকার সমস্ত বাড়ি, দোকানে যাচ্ছেন তিনি। ভোট চাইতেই রমাপ্রসাদ পৌঁছে গিয়েছিলেন এলাকার একটি সেলুনে। দোকানে বেশ কয়েকজন দাঁড়ি কাটার জন্য গিয়েছিলেন সেই সময়। দেখা যায় প্রচারের মাঝেই একজনের দাঁড়ি কেটে দেন বিজেপি প্রার্থী।
পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। ভোট প্রচারে গিয়ে তিনি ঢুকে পড়েন এক ভোটারের হেঁশেলে। সেই সময় বাড়ির মহিলারা শিল-নোড়ায় মশলা তৈরি করছিলেন। তাঁদের কাজেই হাত লাগালেন প্রার্থী। নিজে হাতে বেটে দিলেন মশলা।
পুরশুড়ার বিজেপি প্রার্থী বিমান ঘোষ। ভোট প্রচারে তাঁকে দেখা গেল চাষে জমিতে। কৃষকদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লাঙল টানলেন তিনি। তাঁর কথায়, বর্তমানে বাংলার কৃষকদের যা দূরবস্থা, তারই প্রতিবাদে লাঙল টানলেন তিনি।
আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ ভোটের প্রচারে একটি তেলেভাজার দোকানে গিয়ে ভাজলেন চপ। ঠোঙায় ভরে তা বিক্রিও করেন তিনি। একইভাবে চপ ভাজতে দেখা গিয়েছে ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে।
বঙ্গ রাজনীতির ভোট মার্কশিটে কমরেডদের ‘শূন্য’ নম্বর। সেই শূন্যের গেরো কাটাতে এবার সিপিএম প্রার্থীরা সেই ধর্মের শরণ নিচ্ছেন। অন্তত ভোটের মুখে তাঁদের বাস্তব জীবনযাপন সেই ইঙ্গিত দিচ্ছে। প্রচারে বেরিয়ে উত্তরপাড়ার ৭ নম্বর ওয়ার্ডে ঘৃতাহুতি দেন মীনাক্ষী।
পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত মহোৎসবতলা ঘাটে শ্রীচৈতন্যদেবের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। মন্দিরে ঢুকে মালা পরে খাঁটি বৈষ্ণব রূপে হাতজোড় করে বিগ্রহ প্রণাম করেন কলতান। তারপর শুরু করেন ভোটের প্রচার। এসব তো কমরেডদের নাস্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।
Published By: Tiyasha SarkarPosted: 06:52 PM Mar 24, 2026Updated: 07:54 PM Mar 24, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
