Advertisement
ভরসা মেসি, ভোগাতে পারে চোট! টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের মিশনে আর্জেন্টিনার শক্তি-দুর্বলতা
আর্জেন্টিনার সবচেয়ে বড় সুবিধা, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। চাপ কীভাবে সামলাতে হয়, তা তাদের জানা।
প্রথমবার ৪৮ দেশের বিশ্বকাপ। ফুটবলের মহাযুদ্ধে কে হবে বিশ্বজয়ী? কী হবে হট ফেভারিট দেশগুলোর রণকৌশল? কেমন হতে পারে সেরা একাদশ? শক্তি-দুর্বলতাই বা কী? চুলচেরা বিশ্লেষণে সংবাদ প্রতিদিন ডিজিটাল। আজ আলোচনায় আর্জেন্টিনা।
গ্রুপ ও প্রতিপক্ষ: বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া (১৭ জুন), অস্ট্রিয়া (২২ জুন) ও অস্ট্রিয়া (২৮ জুন)।
আর্জেন্টিনা স্কোয়াড: এমিলিয়ানো মার্টিনেজ, জুয়ান মুসো, জেরোনিমো রুলি। (গোলরক্ষক)। গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, ফাকুন্দো মেদিনা, বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, ট্যাগলিয়াফিকো (রক্ষণভাগ)। লিওনার্দো পারেদেস, রদ্রিগো ডি পল, এক্সেকুইল পালাসিয়োস, এনজো ফার্নান্দেজ, জিওভানি সেলসো, ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্টিন বার্কো (মাঝমাঠ)। লিওনেল মেসি, নিকোলাস পাজ, থিয়াগো আলমাডা, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জিউলিয়ানো সিমিওনে, ম্যানুয়েল লোপেজ (আক্রমণ)। কোচ: লিওনেল স্কালোনি।
সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, জিউলিয়ানো সিমিওনে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।
শক্তি: ‣ মাঝমাঠে ভারসাম্য: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো ডি পলদের পাশাপাশি তরুণ বিকল্পও রয়েছে। পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলানোর সুযোগ পাবেন কোচ। ‣ ভরসার গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ চাপের ম্যাচে অসাধারণ। টাইব্রেকারে তাঁর দক্ষতা আর্জেন্টিনার বড় শক্তি। ‣ শক্তিশালী আক্রমণভাগ: লিওনেল মেসি, ইউলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের উপস্থিতিতে আর্জেন্টিনার গোল করার ক্ষমতা অত্যন্ত ভয়ংকর।
দুর্বলতা: ‣ মেসির বয়স: ৩৯ বছর বয়সে টানা ম্যাচ খেলার ধকল সামলানো কঠিন। তাঁর ফিটনেস ও উপস্থিতির উপর দলের সাফল্য অনেকটাই নির্ভরশীল। ‣ ডিফেন্স ট্রানজিশন: নিকোলাস ওটামেন্ডির বয়স হয়েছ। রক্ষণভাগে গতিও কমেছে। নতুন সমন্বয় গড়ে তোলা চ্যালেঞ্জ হতে পারে। লিসান্দ্রো মার্টিনেজকে বাড়তি দায়িত্ব নিতে হবে। ‣ মেসিনির্ভরতা: আক্রমণে এখনও মেসির বিকল্প নেই। প্রতিপক্ষ তাঁকে আটকে দিতে পারলে আর্জেন্টিনার আক্রমণভাগের ধার কমে যেতে পারে।
এক্স ফ্যাক্টর: লিওনেল মেসি। তাঁর অসাধারণ ড্রিবলিং, নিখুঁত পাস, এবং গোল করার অবিশ্বাস্য ক্ষমতা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে তাঁর জুড়ি মেলা ভার। বক্সের বাইরে থেকে বা ফ্রি-কিক থেকে গোল করার অনন্য দক্ষতা তাঁকে আলাদা করে রাখে। চলতি মরশুমে ইন্টার মায়ামির জার্সিতে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৭টি গোল।
রণকৌশল: গত বিশ্বকাপে স্কালোনির মগজাস্ত্রেই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবার শিরোপা রক্ষার লড়াই। দলে চোটের আতঙ্কও রয়েছে। গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরি সমস্যায় ফেলতে পারে। প্ল্যান বি তৈরি রাখতে হবে স্কালোনিকে। পরিস্থিতি অনুযায়ী ৪-৩-৩, ৪-৪-২ বা ৩-৫-২ ফরমেশনে খেলাতে পারেন তিনি। এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল মাঝমাঠ সামলাবেন। মেসিকে স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি মেসির উপর চাপ কমাতে কৌশল বদলানোর পরিকল্পনাও থাকবে।
সম্ভাবনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় সুবিধা, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। চাপ কীভাবে সামলাতে হয়, তা তাদের জানা। পাশাপাশি পাজ, বার্কো, আলমাডা ও সিমিয়োনের মতো তরুণ ফুটবলাররা নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পাবেন। এছাড়া উত্তর আমেরিকার আবহাওয়া ও পরিবেশের সঙ্গে অনেক খেলোয়াড় পরিচিত। মাঠে তার সুফল পেতে পারে দল। সারাবছর খেলার ধকল এবং প্রত্যাশার চাপ কাটিয়ে উঠতে পারলে ফের চ্যাম্পিয়ন হতে পারে।
Published By: Prasenjit DuttaPosted: 03:02 PM Jun 04, 2026Updated: 03:02 PM Jun 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
