shono
Advertisement
Ways to Build a Stronger Personality at Work

চাকরির জায়গায় মনোবল হারাচ্ছেন? নিজেকে ব্যক্তিত্বময় করে তুলতে খেয়াল রাখুন এই ৬ বিষয়

কেবল কর্মদক্ষতা নয়, আপনার সামগ্রিক আচরণ, কথা বলার ভঙ্গি, বডি ল্যাংগুয়েজ— সকলের নজরে আসার জন্য খানিক ব্রাশ-আপ করতে হয় এই সবই।
Published By: Utsa TarafdarPosted: 06:00 PM Aug 15, 2026Updated: 06:00 PM Aug 15, 2026

অফিসে অন্যদের দেখে হীনমন্যতা অনুভব করেন? মনে করেন, বাকিদের তুলনায় একেবারেই উল্লেখযোগ্য নয় আপনার ব্যক্তিত্ব, ফলে আত্মবিশ্বাস হারাচ্ছেন? জানেন কি, কেবল কর্মদক্ষতা নয়, আপনার সামগ্রিক আচরণ, কথা বলার ভঙ্গি, বডি ল্যাংগুয়েজ— সকলের নজরে আসার জন্য খানিক ব্রাশ-আপ করতে হয় এই সবই। কিন্তু মুখচোরা, শান্ত স্বভাবের মানুষের পক্ষে কি নেহাত সহজ হয় নিজেকে রাতারাতি ব্যক্তিত্বময় (Ways to Build a Stronger Personality at Work) প্রতিপন্ন করা?

Advertisement

অফিসে সকলের সামনে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার জন্য রইল সহজ টিপস।

১. কথা বলার ধরন বদলান
ভদ্র ও মার্জিত ভঙ্গিতে কথা বলবেন অবশ্যই, তবে উলটোদিকের মানুষটি যেন তাতে সহজলভ্য ভেবে না বসে আপনাকে। অপ্রয়োজনীয় কঠিন শব্দ বা জার্গন ব্যবহার এড়িয়ে চলুন। কারও সঙ্গে কথা বলার সময় আগে মন দিয়ে কথা শুনুন। প্রশ্ন বুঝে তবেই উত্তর দিন।

২. সময়ের সদ্ব্যবহার করুন
সহকর্মীদের সঙ্গে আড্ডা দেবেন অবশ্যই, তবে কাজের সময় নষ্ট করবেন না। আপনার কাজই আপনার পেশাদারিত্বের পরিচয়। কাজ ফেলে রাখার অভ্যাস এড়িয়ে চলুন এবং প্রতিদিনের জন্য আগে থেকেই একটি ‘টু-ডু লিস্ট’ তৈরি করে রাখুন।

৩. পোশাক-পরিচ্ছদ সম্পর্কে উদাসীন হবেন না
অফিসের জন্য বরাদ্দ বাঁধা-ধরা ফর্মাল পোশাক যদি নাও থাকে, তবু পেশার সঙ্গে মানানসই পোশাক পরুন। পোশাক যেন সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি থাকে। মাত্রাতিরিক্ত সাজের প্রশ্ন আসছে না, তবে সামগ্রিকভাবেই আপনাকে কেমন দেখতে লাগছে, সে বিষয়ে সচেতন হন। মনে রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন কিন্তু ভীষণ জরুরি।

৪. ইতিবাচক মনোভাব রাখুন
ইতিবাচক মানসিকতার মানুষ সাধারণত দলের সবার কাছে পছন্দের হয়ে ওঠেন। তাঁদের অনেক সময় নেতৃত্ব দেওয়ার জন্যও উপযুক্ত মনে করা হয়। অন্যদিকে, যারা সবেতে নেতিবাচক মন্তব্য করে, একসময় থেকে তাদেরকে অন্যরা এড়িয়ে চলতে শুরু করে।

৫. শেখার মানসিকতা বজায় রাখুন
নতুন কোনও দক্ষতা অর্জনে লজ্জার কিছু নেই। বরং যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে নতুন স্কিল শেখার মতো মানসিকতা ধরে রাখতে হবে সর্বক্ষণই। যারা শিখতে চান না, গুটিয়ে রাখেন নিজেকে, তাঁরা স্বাভাবিকভাবেই বিরাগভাজন হন অন্যদের চোখে।

৬. সহকর্মীদের সঙ্গে আলাপচারিতা বাড়ান
সকলের সঙ্গে বন্ধুত্ব করতেই হবে, এমন নয়। তবে নিজেকে সকলের থেকে সরিয়ে রাখারও মানে হয় না তাই বলে। অফিসের বিভিন্ন বিভাগের সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। এতে কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement