বাড়ির পোষ্য পুরুষ কুকুরটি কি কিছুতেই স্ত্রী নয়, বরং পুরুষ কুকুরদের সঙ্গেই খেলাধুলোয় আগ্রহী? এমনকী যৌন আচরণও চোখে পড়ছে মাঝেসাজে? নতুন নয়, পোষ্যের মালিকদের মনে প্রায়শই এমন প্রশ্ন জাগে। কুকুর, বিড়াল, এমনকী পাখিদের ক্ষেত্রেও কখনও সখনও দেখা যায় এমনটা। তারা বিপরীত লিঙ্গের বদলে সমলিঙ্গের প্রাণীর সঙ্গে যৌন আচরণ করে ক্ষেত্রবিশেষে। আর তাই স্বাভাবিকভাবেই পোষ্যের মালিক ভাবতে বসেন, মানুষের মতো প্রাণীরাও কি সমকামী হতে পারে (Gay Pets)? বিজ্ঞান কী বলছে এ বিষয়ে?
বিজ্ঞানীদের মতে, প্রাণীদের মধ্যে সমলিঙ্গের যৌন আচরণ বিরল নয়। কুকুর-বিড়ালেরা অনেক সময়েই সমলিঙ্গের প্রাণীর সঙ্গে বেশিরভাগ সময় কাটানো পছন্দ করে। পরস্পরকে চেটে দেয়, খেলা করে, এমনকী তা ‘মাউন্টিং’ পর্যন্তও পৌঁছতে পারে। কেবল পোষ্য নয়, বন্য প্রাণীদের মধ্যেও প্রায়শই এই আচরণ দেখা যায়।
• কুকুরের ক্ষেত্রে কি এমনটা দেখা যায়?
কুকুরের মধ্যে একই লিঙ্গের অন্য কুকুরকে মাউন্ট করা বা তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করা অস্বাভাবিক নয়। তবে সবক্ষেত্রে এটিকে যৌন আকর্ষণ হিসেবে দাগিয়ে দেওয়া যায় না। খেলা, উত্তেজনা, অভ্যাস বা আধিপত্য প্রদর্শনের মতো কারণেও এই আচরণ হতে পারে।
বন্য প্রাণীদের মধ্যেও দেখা যায় এমন আচরণ।
• বিড়ালের ক্ষেত্রেও কি এমন হয়?
বিড়ালের মধ্যেও একই লিঙ্গের প্রাণীর প্রতি যৌন আচরণ দেখা যায়। বিশেষ করে একসঙ্গে বড় হওয়া বা একই পরিবেশে থাকা বিড়ালের মধ্যে ঘনিষ্ঠ বন্ধন তৈরি হওয়া স্বাভাবিক। ক্ষেত্রবিশেষে মা বিড়ালের অবর্তমানে পুরুষ বিড়ালের কাছে স্তনপানের চেষ্টা করতে দেখা যায় বিড়ালশাবকদের। পুরুষ বিড়ালও এক্ষেত্রে মাতৃসুলভ আচরণ করে। যদিও নির্দিষ্ট যৌন পরিচয় চাপিয়ে দেওয়া যায় না এর ভিত্তিতে।
• মানুষের ‘গে’ পরিচয়ের সঙ্গে এর পার্থক্য কোথায়?
মানুষের ক্ষেত্রে ‘গে’ শব্দটি একটি যৌন অভিমুখীতা ও ব্যক্তিগত পরিচয় বোঝায়। মানুষ নিজের অনুভূতি, আকর্ষণ ও পরিচয় সম্পর্কে সচেতন থাকে। কিন্তু প্রাণীরা মানুষের মতো ভাষায় নিজেদের যৌন পরিচয় প্রকাশ করতে পারে না। তাই গবেষণায় সাধারণত ‘সেম-সেক্স সেক্সুয়াল বিহেভিয়ার’ বলে চিহ্নিত করা হয় একে। কিন্তু সরাসরি সমকামী বা সমপ্রেমী বলা চলে না।
পোষ্য মালিকের এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। যতক্ষণ না প্রাণীটি আক্রমণাত্মক আচরণ করছে বা অন্য কোনও স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে, ততক্ষণ এই আচরণকে স্বাভাবিক প্রাণী আচরণের অংশ হিসেবেই দেখা যায়। প্রয়োজনে পশুচিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।
