shono
Advertisement

Breaking News

Feeling Empty After Achieving a Major Goal

বড় সাফল্যের পরেই তীব্র মনকেমন, একাকিত্ব... নেপথ্যে কোন কারণ, জানাচ্ছেন মনোবিদরা

কোনও একটি লক্ষ্য যখন দীর্ঘদিন জীবনের কেন্দ্র হয়ে ওঠে, তখন সেটিই প্রতিদিনের রুটিন, পরিশ্রম ও সিদ্ধান্তকে পরিচালনা করে। লক্ষ্য পূরণ হয়ে গেলে জীবনের সেই বিশেষ অংশটি হঠাৎ বাদ চলে যায়। ফলে দেখা দেয় একাকিত্ব।
Published By: Utsa TarafdarPosted: 08:05 PM Aug 19, 2026Updated: 08:05 PM Aug 19, 2026

ধরা যাক, কোনও এক প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মাসের পর মাস পড়াশুনো করে চলেছেন আপনি। অবশেষে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। অথবা বহুদিন ধরে যে প্রমোশনের জন্য অপেক্ষা করে চলেছেন, তা হুট করেই হয়ে গেল। কিন্তু দেখা গেল, এসবে আনন্দ হচ্ছে না ঠিকমতো। সাফল্যের পরেই হৃদয় জুড়ে অনুভব করছেন গভীর শূন্যতা (Feeling Empty After Achieving a Major Goal)। এমনটা কেন হয়, ভেবে দেখেছেন কখনও?

Advertisement

মনোবিজ্ঞান বলছে, এমন অনুভূতি অস্বাভাবিক নয়। এর অর্থ এই নয় যে আপনি অকৃতজ্ঞ, বা আপনার সাফল্য অর্থহীন ছিল। কোনও একটি লক্ষ্য যখন দীর্ঘদিন জীবনের কেন্দ্র হয়ে ওঠে, তখন সেটিই প্রতিদিনের রুটিন, পরিশ্রম ও সিদ্ধান্তকে পরিচালনা করে। লক্ষ্য পূরণ হয়ে গেলে জীবনের সেই বিশেষ অংশটি হঠাৎ বাদ চলে যায়। পরীক্ষা পাস করার পর পড়াশুনর ব্যস্ততা শেষ হয়ে যায়। প্রোমশন পেয়ে গেলে সেই মুহূর্তেই আর নতুন করে কিছু করার থাকে না।

এর আরেকটি কারণ হল ‘হেডোনিক অ্যাডাপ্টেশন’— অর্থাৎ বড় কোনও ইতিবাচক পরিবর্তনের পর মানুষ ধীরে ধীরে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। ফলে যার জন্য এতদিনের অপেক্ষা, তা আচমকাই আর ‘স্পেশাল’ থাকে না, বরং অতিসাধারণ হয়ে দাঁড়ায়। দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হয়ে যায় এক সময়।

অনেক সময় আমরা মনে করি, ‘এই চাকরিটা পেলেই আমি সুখী হব’ বা ‘এই পরীক্ষায় পাস করলেই সব সমস্যা মিটে যাবে’। কিন্তু বাস্তবে তা হয় না। একটা সাফল্য পাওয়ার পরেও জীবনে সামনে আরও অনেক পরীক্ষা অপেক্ষা করে আমাদের জন্য। আর এই বাস্তবের মুখোমুখি হলেই তাই মনোবল হারিয়ে ফেলেন অনেকে। একাকিত্ব কিংবা মানসিক চাপ প্রভাব ফেলে আরও বেশি।

লক্ষ্য পূরণের পরের শূন্যতা কাটাতে কী করবেন?
• সাফল্যকে উপভোগ করার সময় দিন নিজেকে। সঙ্গে সঙ্গে নতুন লক্ষ্য ঠিক করার চাপ নেবেন না। নিজের অর্জনটি উদযাপন করুন।
• সম্ভব হলে কিছুদিন বিরতি নিন। দীর্ঘদিনের পরিশ্রমের পর বিশ্রাম নেওয়ার অর্থ আলস্য নয়।
• নিজের পরিচয়কে শুধুমাত্র সাফল্যের সঙ্গে বেঁধে রাখবেন না। আপনি কেবলমাত্র একজন পরীক্ষার্থী অথবা কর্মচারী নন। পরিবার, বন্ধুত্ব, শখ, সৃজনশীলতা ও ব্যক্তিগত মূল্যবোধও আপনার পরিচয়ের অংশ।
• যে কাজগুলো আনন্দ দেয়, সেগুলো করে দেখুন। গান, বই পড়া, ভ্রমণ, ব্যায়াম, রান্না বা কোনও পুরনো শখ— লক্ষ্যপূরণের বাইরের যে জীবন, তাকেও জায়গা দিন।

তবে এমন অনুভূতি দীর্ঘস্থায়ী হলে, গুরুত্ব দিতে হবে। যদি শূন্যতা, মন খারাপ, আগ্রহহীনতা বা হতাশা কয়েক মাস ধরে থাকে একইভাবে, এবং পাশাপাশি দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement