কথায় বলে, প্রেমে বয়স কোনও ফ্যাক্টর নয়। মন যে কখন কার জন্য উতলা হয়ে উঠবে, তা স্বয়ং ঈশ্বরেরও অজানা! বর্তমান সময়ে দেখা যায়, অধিকাংশ মহিলাই প্রেমিক হিসেবে বেছে নেন নিজের থেকে বয়সে ছোট যুবককে। সমাজে এখনও এ নিয়ে ট্যাবু থাকলেও, প্রেমিক যুগল সেসবকে তোয়াক্কা করে না। কারণ কথাতেই আছে, 'মিয়া বিবি রাজি তো, তো ক্যায়া করেগা কাজি।' কিন্তু জানেন কি এই উল্টো স্রোতে বয়ে যাওয়ার নেপথ্যেও রয়েছে অঙ্ক। সাবলম্বী মহিলারা সেই অঙ্ক কষেই বয়সে ছোটদের প্রেমেই মজে বলেই দাবি গবেষকদের। চলুন আজ জেনে নেওয়া যাক সেই কারণগুলো কী কী।
১. সাবলম্বী মানেই ধরে নেওয়া যায় তিনি স্বাধীনচেতা। নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। সেই সঙ্গে সঙ্গীর জীবনের রাশও নিজের হাতেই রাখতে চান, যা একটা বড় কারণ। অন্যের সিদ্ধান্তে নিজের জীবন নয়, বরং প্রেমিককে পরিচালনা করতেই পছন্দ করেন এরা। আর সঙ্গী যদি বয়সে ছোট হন, তাহলে তাকে গাইড করা সহজ। কারণ, একটু হলেও জীবনটা বেশি দেখেছেন তিনি। এই যুক্তিতেই অধিকাংশ মহিলা প্রেমে পড়েন হাঁটুর বয়সি ছেলের।
২. অনেকেই ছক ভাঙতে পছন্দ করেন। সমাজের চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে অন্যরকম কিছু করার প্রবণতা থেকেও অনেকে বয়সের তোয়াক্কা না করেই প্রেমের ডাকে সারা দেন। ভালোবাসায় বয়স যে কোনও বাধা হতে পারে না, তা জীবন দিয়ে প্রমাণ করেন এরা।
৩. অনেক মহিলার কাছে বয়সে ছোট পুরুষরা বেশি আকর্ষণীয়। শারীরিক আকর্ষণ এই ধরণের প্রেমে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শারীরিক গঠনের প্রতি আকৃষ্ট হলে মহিলারা আর কোনও কিছু নিয়েই বিশেষ ভাবনা চিন্তা করেন না।
৪. সম্পর্ক মানে বোঝাপড়া। অনেকক্ষেত্রেই দেখা যায়, ছোট যুবকের সঙ্গে বন্ধুত্ব পরবর্তীতে প্রেমের রূপ নেয়। এক্ষেত্রে ভালোবাসা, দুজনের দুজনকে বোঝাটাই মূল। বয়স এক্ষেত্রেই শুধুই সংখ্যা।
