কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা পাওয়া যাবে, তা নিয়ে মহিলাদের মনে প্রশ্নের অন্ত নেই। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, নতুন করে আবেদন, পুরনোদের স্টেটাস দেখার জন্য চালু করা হবে পোর্টাল। কথা রাখল সরকার। চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) জন্য পোর্টাল। তবে রাজ্যবাসী সেখানে নাম নথিভুক্ত করতে গিয়ে বেশ কিছু সমস্যায় পড়ছেন বলেই খবর।
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকেই অন্নপূর্ণা ভাণ্ডারে সিলমোহর দিয়েছে বিজেপি সরকার। জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে নথিভুক্তদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩ হাজার টাকা। পোর্টাল চালু করা হবে বলেও জানিয়েছিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল। ইতিমধ্যেই চালু হয়ে গেল সেই পোর্টাল। নতুন করে আবেদন ও নিজের আবেদনের স্টেটাস দেখতে যেতে হবে https://socialsecurity.wb.gov.in/login - এই ওয়েবসাইটে। ঢুকলেই দেখা যাবে বাঁদিকে লেখা, 'অন্নপূর্ণা যোজনা পোর্টাল'। ডানদিকে রয়েছে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দেওয়ার জায়গা। তবে এখনও সেখানে নতুন করে রেজিস্ট্রারের কোনও অপশন মিলছে না।
জানা যাচ্ছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, তাঁরাও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে গিয়ে বিপাকে পড়ছেন। নির্দিষ্ট জায়গায় মোবাইল নম্বর দেওয়া হলেও দেখাচ্ছে ইনভ্যালিড। মনে করা হচ্ছে, এই মুহূর্তে পোর্টালটিতে কোনও যান্ত্রিক সমস্যা চলছে। দ্রুতই তা মিটে যাবে। তারপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নথিভুক্তরা তাঁদের তথ্য যাচাই করে নিতে পারবেন। যারা নতুন করে আবেদন করতে চান, তাঁরাও সেই সুযোগ পাবেন।
