shono
Advertisement
ChatGPT

মাসের শেষে পকেটে টান? এবার থেকে আপনার খেরোখাতা লিখবে চ্যাটজিপিটি!

হাতে মাইনে পেয়েই খামখেয়ালি খরচ। আর মাসের শেষে সেই ধাক্কা সামলাতে নাজেহাল! মধ্যবিত্তের এই চেনা ছবি অপ্রতুল নয়। প্রতিমাসে একই সমস্যা। হাজার হিসেব-নিকেশ করেও লাভ হয় না কিছুই। কিন্তু এবার আপনার পকেট সামলাতে কোমর বেঁধে নামছে স্বয়ং এআই। আপনার আয়-ব্যয়ের হিসেব রাখতে চ্যাটজিপিটি নিয়ে এল নয়া চমক।
Published By: Buddhadeb HalderPosted: 09:26 PM May 18, 2026Updated: 09:26 PM May 18, 2026

হাতে মাইনে পেয়েই খামখেয়ালি খরচ। আর মাসের শেষে সেই ধাক্কা সামলাতে নাজেহাল! মধ্যবিত্তের এই চেনা ছবি অপ্রতুল নয়। প্রতিমাসে একই সমস্যা। হাজার হিসেব-নিকেশ করেও লাভ হয় না কিছুই। কিন্তু এবার আপনার পকেট সামলাতে কোমর বেঁধে নামছে স্বয়ং এআই। আপনার আয়-ব্যয়ের হিসেব রাখতে চ্যাটজিপিটি নিয়ে এল নয়া চমক। খাতা-কলম বা জটিল অ্যাপের ঝক্কি নেই। আপনার যাবতীয় খরচের খতিয়ান থাকবে ওপেনএআই-এর এই জনপ্রিয় চ্যাটবটের নখদর্পণে।

Advertisement

এতদিন মানুষ চ্যাটজিপিটির কাছে সঞ্চয় বা বিনিয়োগের নানা পরামর্শ চাইতেন। তবে এবার শুধু শুকনো পরামর্শতেই থেমে থাকবে না কৃত্তিম বুদ্ধিমত্তা। আপনার আর্থিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এবার সে তৈরি করবে খেরোখাতা। আসলে আমেরিকার কয়েকজন ‘প্রো’ গ্রাহকদের জন্য এই নতুন ফিচার নিয়ে এসেছে সংস্থাটি। জানা গিয়েছে, চ্যাটজিপিটি এবার সরাসরি যুক্ত হতে পারবে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। প্রায় ১২ হাজার আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে গাঁটছড়া বাঁধছে তারা। প্লেড প্রযুক্তির মাধ্যমে এই সংযোগ করা হবে। ভবিষ্যতে ইনটুইট ব্যবস্থার সুবিধাও মিলবে।

একবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয়ে গেলেই কেল্লাফতে। চ্যাটজিপিটির ভেতরেই দেখা যাবে একটি ঝকঝকে ড্যাশবোর্ড। সেখানে রিয়েল টাইমে ভেসে উঠবে আপনার বিনিয়োগ, খরচের অভ্যাস, আগামী বিলের তালিকা, ঋণের কিস্তি এবং জমানো টাকার পরিমাণ। এমনকী কোন কোন ওটিটি প্ল্যাটফর্মে আপনার সাবস্ক্রিপশন চালু আছে, তাও মনে করিয়ে দেবে এই কৃত্রিম মেধা। এই পুরো ব্যবস্থাটি চলবে ওপেনএআই-এর সবথেকে আধুনিক ‘জিপিটি-৫.৫ থিংকিং’ মডেলের সাহায্যে। ফলে আপনার রোজগারের ধাঁচ বুঝে অত্যন্ত নিখুঁত এবং ব্যক্তিগত পরামর্শ দিতে পারবে সে। ট্যাক্সের হিসেব করা থেকে শুরু করে ক্রেডিট কার্ড পাওয়ার সম্ভাবনা কতটা, সবটাই বাতলে দেবে এই জাদুকরি প্রযুক্তি।

অনেকের মনেই অবশ্য সুরক্ষার প্রশ্ন জাগতে পারে। তবে সংস্থা জানাচ্ছে, নিরাপত্তার রাশ থাকবে ব্যবহারকারীর হাতেই। যখন খুশি অ্যাকাউন্ট সংযোগ বিচ্ছিন্ন করা যাবে। মুছে ফেলা যাবে ইতিহাসও। অ্যাকাউন্ট সরিয়ে নেওয়ার ৩০ দিনের মধ্যে সমস্ত তথ্য মুছে ফেলবে ওপেনএআই। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রের আইফোন এবং ওয়েব ব্যবহারকারীদের জন্য এই সুবিধা। ভারতের প্রযুক্তিপ্রেমীদের এই পরিষেবার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বইকি! তবে পকেট সামলানোর এই নয়া টেক-লাইফস্টাইল যে বেশ আকর্ষণীয়, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement