মানুষকে প্রতারিত করার নিত্যনতুন ফন্দি এঁটে চলে সাইবার অপরাধীরা। হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মকে তারা প্রায়ই ব্যবহার করে। সাধারণ ইউজারদের নানাভাবে বোকা বানিয়ে হাতিয়ে নেয় টাকা। এবার জানা গেল, এসবিআইকেও ব্যবহার করে হোয়াটসঅ্যাপে হ্যাকিং করার ফাঁদ পাতা হয়েছে। যা নিয়ে সতর্ক করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কী ধরনের ফাঁদ পাতা হচ্ছে? এসবিআইয়ের তরফে জানানো হয়েছে, মেসেজের উপরে দৃশ্যমান এসবিআই ইয়োনো লোগো! তার নিচে লেখা থাকছে, ''প্রিয় এসবিআই গ্রাহক, আপনাকে জানানো যাচ্ছে যে আপনার এসবিআই ইয়োনো অ্যাকাউন্ট আজ রাতেই ব্লক করে দেওয়া হবে। আপনার আধার নম্বর আপডেট করা নেই অ্যাকাউন্টের সঙ্গে। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। অনুরোধ যদি আমাদের অফিসিয়াল SBI Aadhaar update APK আপনারা ইনস্টল করেন এবং আধারকে সেখানে আপডেট করে দিন কেওয়াইসি জমা দিয়ে।'' শেষে একটি ফাইলের এক্সটেনশনও দৃশ্যমান।
এসবিআই পরিষ্কার জানিয়েছে, এটা একটা সম্পূর্ণ ভুয়ো মেসেজ। আর ওই অ্যাপ ডাউনলোড করলেই সর্বনাশ! কেননা অ্যাপটি 'ক্ষতিকর' অ্যাপ। সুতরাং তা ইউজারদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবে মুহূর্তেই। সেই সঙ্গে স্টেট ব্যাঙ্ক এও মনে করিয়ে দিয়েছে, এমন মেসেজ তারা কখনওই করে না। কোনও ধরনের অ্যাপ ডাউনলোড করতে কখনওই গ্রাহকদের কাছে বার্তা পাঠানো হয় না। সুতরাং এমন কোনও মেসেজ পেলেই সেন্ডারকে ব্লক করতে হবে ও বার্তাটি রিপোর্ট করে দিতে হবে। পাশাপাশি সাইবার অপরাধ দমনের হেল্পলাইন ১৯৩০-তে ফোন করা যেতে পারে বা অনলাইনেও অভিযোগ দায়ের করা যায়। মনে রাখতে হবে, সন্দেহজনক মেসেজ পেলেই সতর্ক থাকা দরকার। অনেক সময় কনট্যাক্ট লিস্টে থাকা কোনও নম্বর হ্যাক করেও ভুয়ো মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হয়। তাই এই সব ক্ষেত্রে টাকা না পাঠিয়ে সরাসরি ওই নম্বরে ফোন করে কথা বলা দরকার।
