shono
Advertisement
Bigg Boss Bangla

সোনামণি-সৃজলার নাচে জমজমাট মজলিশ, এক ঝলকে 'বিগ বস বাংলা' দুর্গের খুঁটিনাটি

গ্র্যান্ড ওপেনিংয়েই বাজিমাত 'বিগ বস বাংলা'র।
Published By: Kasturi KunduPosted: 09:44 AM Aug 31, 2026Updated: 02:26 PM Aug 31, 2026

দীর্ঘ প্রতিক্ষীর অবসান ঘটিয়ে অবসনে এল সেই মাহেন্দ্রক্ষণ। ৩০ আগস্ট হাইভোল্টেজ রিয়ালিটি শো 'বিগ বস বাংলা'র (Bigg Boss Bangla) মজলিশ জমাতে কারা থাকছেন তা জানতে উদগ্রীব ছিল আপামর বাঙালি। রবিবাসরীয় সন্ধ্যায় প্রকাশ্যে বিগ বসের দুর্গের খুঁটিনাটি। যদিও সম্প্রচারের আগে বজ্রআটুনি নিরাপত্তার মাঝেও ফাঁস হয়েছে গ্র্যান্ড ওপেনিংয়ের ঝলক। সেখানেই দেখা মিলেছিল 'বিগ বস বাংলা'র সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রিয় ভাজ্জি তথা হরভজন সিংয়ের। শো শুরুর প্রথমদিনই বিগ বসের ঘরে সৌরভের দাদাগিরি কিন্তু দারুণ উপভোগ করল দর্শক। অভিনেত্রীদের নাচে একেবারে জমজমাট ওপেনিং।

Advertisement

বাইশ গজে ছক্কা হাঁকানো বা 'দাদাগিরি'র মঞ্চে সঞ্চালকের ইমেজ পুরোপুরি উধাও। একেবারে নয়া অবতারে, বলা ভালো রাজকীয় লুকে মহারাজের মহা ধামাকা। স্ক্রিনে নিজের এন্ট্রি দেখে মুচকি হাসি সৌরভের। প্রতিযোগীদের তালিকা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা। এদিন সামনে এল শোয়ের প্রতিযোগীদের সম্পূর্ণ তালিকা। মনামী ঘোষ, ভরত কল, সোনামণি সাহা, 'লাফটারসেন' নিরঞ্জন মন্ডল, দুর্নিবার সাহা, ঝিলম গুপ্ত, দীপেন্দু বিশ্বাস সহ আরও অনেকে। পনেরো জনকে নিয়ে শুরু হচ্ছে এই মোস্ট হাইপড শো।

সোনামণি সাহা, সৃজলা গুহর নাচে আরও রঙিন জলসা। প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন সঞ্চালক সৌরভ। লাল-সাদা কম্বিনেশনের পোশাকে মনামীর বাঙালিয়ানা আরও একবার মন ছুঁল ভক্তদের। 'লাফটারসেন' নিরঞ্জনও বিগ বসের ঘরে একেবারে বাঙালিবাবু! প্রথম ও দ্বিতীয় প্রতিযোগী মনামী ও ভরত কল পরস্পররে উষ্ণ আলিঙ্গনে অভিনন্দন জানিয়েছেন। প্রয়াত কিংবদন্তি অভিনেতা তাপস পালের ছবি স্ক্রিনে ভেসে উঠতেই চোখে জল মেয়ের।

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে দশ হাজার বর্গফুট জায়গা জুড়ে প্রায় দু'মাস ধরে তৈরি হয়েছে বিগ বসের বাড়ি। যে বাড়িতে সূর্যের আলো ঢোকে না, ঘড়ির অস্তিত্ব নেই। এই বাড়ি যেন এক দুর্গ। যে দূর্গ জয় সহজ নয়। যেখানে এন্ট্রি কঠিন কিন্তু, এগজিট আরও কঠিন। প্রায় আশিটার বেশি ক্যামেরা রয়েছে সারা বাড়ি জুড়ে। সর্বক্ষণ সেই নজরদারি ক্যামেরার অধীনে প্রতিযোগীরা। এখানেই প্রায় তিন মাস থাকবেন প্রতিযোগীরা।

মাঝে অবশ্য খেলার নিয়ম মেনে আসা যাওয়া থাকবে। কেউ বাদ পড়বেন আবার কেউ ওয়াইল্ড কার্ডে এন্ট্রি পাবেন। কীভাবে সব প্রতিকূলতাকে দূরে সরিয়ে টিকে থাকা যায় তা দেখাবে এই শো। প্রায় তিন মাস ধরে অনেক ঝাড়াই বাছাই করে তবেই প্রতিযোগীদের ফাইনাল করা হয়েছে বলে দাবি নির্মাতাদের। 'বিগ বস'-এর বাড়ির অতিথি হওয়ার মাপকাঠি কি শুধুই বিতর্ক? নির্মাতাদের বক্তব্য, রাজনীতি, খেলা, অভিনয়-সহ সব পেশা থেকেই প্রতিযোগীরা রয়েছেন।

প্রাথমিকভাবে বাছাই হওয়ার পর মনস্তত্ত্ববিদের সঙ্গেও একাধিক সিটিং হয়েছে প্রতিযোগীদের। যাঁরা সেই পরীক্ষাতেও উতরে গেছেন তাঁরাই বিগ বস-এর ঘরে এন্ট্রি নিয়েছেন। বিগ বসের বাড়িতে রয়েছে কনফেশন রুম। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিযোগী হলে কি পারতেন মনের কথা উজাড় করে কনফেস করতে। বা তিনি কাকে প্রতিযোগী হিসেবে মনোনীত করতেন? 'মহারাজ'-এর সাফ জবাব, 'কনফেস করতে পারতাম না। ফোন ছাড়াও থাকা আমার পক্ষে সম্ভব নয়। কোনও একজন ক্রিকেটার সতীর্থকেই নমিনেট করতাম।'

এবারের 'বিগ বস বাংলা'-র টাইটেল ট্র্যাকেও রয়েছে চমক। জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে 'করব দুর্গ জয় অত সহজ নয়.... হিরোর মাথায় তাজ, হেরোর মাথায় বাজ...' ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। টাইটেল ট্র্যাক লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কম্পোজ করেছেন জিৎ নিজেই। ভবিষ্যতে এটি একটি মিউজিক ভিডিও হিসেবে প্রকাশিত হবে। দশ বছর আগে যখন এই শো হয়েছিল তার থেকে এখন সময়।

এগিয়েছে অনেকটাই। তখন সোশাল মিডিয়ার এত প্রভাব ছিল না। কিন্তু, এবার প্রতি মুহূর্তের আপডেট সোশাল মিডিয়ায় পাওয়া যাবে। তাই সবকিছু পেরিয়ে শোয়ের গ্রহণযোগ্যতার দিকটা নির্মাতাদের কাছে চ্যালেঞ্জিং। আজ ৩১ আগস্ট থেকে স্টার জলসায় রোজ রাত সাড়ে ন 'টায় দেখা 'বিগ বস বাংলা'।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement