shono
Advertisement
Khatron Ke Khiladi

পিঠে চাপ চাপ রক্ত, 'খতরোঁ কে খিলাড়ি ১৫'-তে ভয়ংকর স্টান্ট! মারাত্মক পরিণতি অভিনেতার

'খতরোঁ কে খিলাড়ি ১৫'-এ মারাত্মক স্টান্টে হাড়হিম করা পরিণতি জনপ্রিয় অভিনেতার।
Published By: Kasturi KunduPosted: 06:19 PM Aug 03, 2026Updated: 06:21 PM Aug 03, 2026

পয়লা আগস্ট থেকে শুরু হয়েছে স্টান্টভিত্তিক রিয়ালিটি শো 'খতরোঁ কে খিলাড়ি ১৫'। প্রতিটি সিজনের মতো এই সিজন ঘিরেও দর্শকের মধ্যে ব্যাপক উত্তেজনা, তা বলাই বাহুল্য। হাড়হিম করা ভয়ংকর স্টান্টই এই শোয়ের মূল আকর্ষণ। টেলিভিশনের পর্দায় সেই স্টান্ট দেখে রীতিমতো শিউরে ওঠে দর্শক। জীবন বাজি রেখে একের পর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হন শোয়ের প্রতিযোগীরা। তবে শোয়ে অংশগ্রহণকারীদের নিরাপত্তার ক্ষেত্রে সর্বোচ্চ আন্তর্জাতিক মানের প্রোটোকল অনুসরণ করা হয়। সেই সঙ্গে প্রতিযোগীদের সুরক্ষার বিষয়টি একশো শতাংশ নিশ্চিত করা হয়। এর মাঝেই সোশাল মিডিয়ায় অভিনেতা গৌরব খান্নার একটি ছবি ভাইরাল হতেই প্রশ্নের মুখে শোয়ের নিরাপত্তা!

Advertisement

রবিবার সমাজমাধ্যমে এই শোয়ের প্রতিযোগী গৌরব খান্না একটি ভিডিও ও ছবি শেয়ার করেন। যেখানে রাবার বুলেটে ক্ষতবিক্ষত অভিনেতার পিঠ। পুরো পিঠজুড়ে জমাট বাঁধা চাপ চাপ রক্ত! আঘাতের চিহ্ন সামনে আসতেই দর্শকের চক্ষুচড়কগাছ। সহ-প্রতিযোগী ওরিকে সেই মুহূর্ত লেন্সবন্দি করায় ধন্যবাদ জানান গৌরব। পোস্টের ক্যাপশনে লেখেন, 'টিভিতে এই দৃশ্য দেখে এখনও সেই যন্ত্রণা অনুভব করতে পারি। এটা ছিল জীবনের সবচেয়ে কষ্টদায়ক অভিজ্ঞতা। আমরা চারজনই এই স্টান্ট করেছি। এখনও শরীরে সেই দাগ রয়ে গিয়েছে।'

গৌরবের ক্ষতবিক্ষত পিঠ

এই মুহূর্ত প্রকাশ্যে আসতেই অনেকে মনে করছেন প্রতিযোগীদের এত নির্মম স্টান্টে বাধ্য করা হয়! এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে শোয়ের প্রযোজনা সংস্থার কর্ণধার বলেন, "এই শো মোটেই নৃশংস নয়। আন্তর্জাতিক জনপ্রিয় শো ফিয়ার ফ্যাক্টরের স্বত্বাধিকারী সংস্থার অধীনেই খতরোঁ কে খিলাড়ি তৈরি হয়েছে। যাবতীয় শুটিং হয় বিদেশে। ফলে সেখানে আন্তর্জাতিক মানের সব ধরনের নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা হয়। তাই এটিকে নিষ্ঠুর শো ভাবার কোনও কারণ নেই। এখানে ভয়ের উপাদান রয়েছে, তাই শোয়ের নাম ফিয়ার ফ্যাক্টর। যদিও বর্তমানে নাম পরিবর্তন হয়েছে। জনপ্রিয়তার নিরিখেই এতগুলো পর্ব পার হয়ে গিয়েছে।"

এদিকে গৌরব খান্নার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা রাবার বুলেটের আঘাতের ছবি ও ভিডিও এখন চর্চিত বিষয়। সদ্যই আকাঙ্ক্ষা চামোলার সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন গৌরব। সেলিব্রিটির বিচ্ছেদ মানেই চর্চার বিষয়। গৌরবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিচ্ছেদচর্চার মাঝেই 'খতরোঁ কে খিলাড়ি ১৫'র স্টান্ট নিয়ে ফের আলোচনার কেন্দ্রে অভিনেতা গৌরব খান্না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement