২০২০র ১৩ জুলাই থেকে ২০২২-এর ১ জুলাই, একটানা দু'বছর সম্প্রচারিত হয়েছে জনপ্রিয় বাংলা মেগা 'যমুনা ঢাকি'। দর্শকের মনোরঞ্জন করেছেন জনপ্রিয় জুটি রুবেল দাস (Rubel Das) ও শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya)। এই ধারাবাহিকের সেটেই কাছাকাছি আসেন রুবেল-শ্বেতা। রিল-রিয়েলের রোম্যান্স মিলেমিশে একাকার। বর্তমানে স্বামী-স্ত্রী হিসেবে সুখী গৃহকোণের রঙিন মুহূর্ত প্রায়ই সমাজমাধ্যমে ভাগ করে নেন টলিপাড়ার এই 'পাওয়ার কাপল'। বিয়ের পর দুজনেই আলাদা ধারাবাহিকে কাজ করেছেন। এই জুটির ভক্তরা ছোট পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে রুবেল-শ্বেতাকে। অপেক্ষার অবসান ঘটিয়ে ফের একসঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস দাস।
এবার তাহলে জেনে নেওয়া যাক কোথায়, কখন তাঁদের দেখা যাবে। বলে রাখা ভালো ছোটপর্দায় জুটি বাঁধলেও, একেবারে ভিন্ন অবতারে দর্শকের দরবারে ধরা দেবেন রুবেল-শ্বেতা। নতুম মেগার আনাগোনা তো লেগেই আছে। সেগুলোর মধ্যেই তাহলে কোনওটায় দেখা যাবে টেলিভিশনের এই জনপ্রিয় জুটিকে? না, কোনও বাংলা সিরিয়ালে নয় রিয়্যালিটি শোয়ের হাত ধরে গ্র্যান্ড কামব্যাক রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্যের। 'যমুনা ঢাকি'র নস্ট্যালজিয়া উসকে জি বাংলার পর্দায় আসছেন রুবেল-শ্বেতা। সৌজন্যে পপুলার রিয়্যালিটি শো 'দিদি নম্বর ওয়ান।' হ্যাঁ, একদমই তাই।
ফিরছে রুবেল-শ্বেতা জুটি
রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে সঞ্চলনার দায়িত্বে ইন্ডাস্ট্রির এই 'পাওয়ার কাপল'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এঅই শোয়ের প্রোমো। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, পাকাপাকিভাবে রচনা আউট আর রুবেল-শ্বেতা ইন? না, একেবারেই তা নয়। একটি বিশেষ পর্বের সঞ্চালনায় দেখা যাবে এই জুটিতে। আর সেই বিশেষ পর্বে থাকছেন স্বস্ত্রীক সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। এছাড়াও থাকবেন সা রে গা মা পা খ্যাত দেবজিৎ সাহা ও তাঁর স্ত্রী বন্দনা সাহা। প্রোমোতে দেখা মিলেছে স্বাগতা বসু ও তাঁর স্বামী জয় বসুরও। স্ত্রী সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই পর্বে থাকছেন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।
এবার আসা যাক কবে দেখা যবে এই বিশেষ পর্ব। এক নয়, দু'দিন ব্যাপী সম্প্রচারিত হবে 'দিদি নম্বর ওয়ান'-এর স্পেশাল এপিসোড অর্থাৎ উইকেন্ডে ধুন্ধুমার! সপ্তাহান্তে এই শোয়ের দর্শকের জন্য যে দুর্দান্ত খবর সে কথা বললে অত্যুক্তি হবে না। শনিবার ও রবিবার বিকেল সাড়ে চারটেয় রুবেল-শ্বেতা জুটির সঞ্চালনায় 'দিদি নম্বর ওয়ান'-এর ধামাকাদার এপিসোডে কী কী চমক অপেক্ষা করছে সেটার জন্য আর কিছুক্ষণ তো সবুর করতেই হবে।
