ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কোচিং সেন্টারের ছাদ। মৃত্যু ১৪ শিশুর। মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। আহত হয়েছেন আরও ৯ জন। ইতিমধ্যেই কোচিং সেন্টারের মালিককে গ্রেপ্তার করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাড়িটি অনেকদিনের পুরনো। একতলায় ছিল কোচিং সেন্টারটি। প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সকালেও সেখানে পড়তে এসেছিল ছাত্রছাত্রীরা। ক্লাস চালাকালীন আচমকা ধসে পড়ে ছাদ। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। জানা গিয়েছে, ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ১৪ জন শিশুর। আহত হয়েছেন শিক্ষক-সহ আরও নয় শিশু। তাদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন।
সূত্রের খবর, বাড়িটির দোতলা বহুদিন ধরেই অসমাপ্ত হয়ে পড়েছিল। শুধু তাই নয়, বাড়িটির নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহিৃত হয়েছিল বলেও অভিযোগ। তদন্তকারীদের অনুমান, বাড়িটির ভিত দুর্বল হয়ে গিয়েছিল। সেই কারণেই দোতলার ছাদটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তদন্তকারীরা। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
