খাতায়কলমে সংঘর্ষবিরতি হয়েছে। কিন্তু যুদ্ধ থামল না মধ্যপ্রাচ্যে। ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই পশ্চিম এশিয়ার একাধিক দেশে আছড়ে পড়ল আক্রমণ। জানা গিয়েছে, ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা হয়েছে বুধবার। পালটা কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহীতে হামলা করেছে তেহরানও।
ভারতীয় সময় বুধবার ভোরে সংঘর্ষবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। দু'পক্ষের তরফ থেকে জানানো হয়, চূড়ান্ত চুক্তিতে পৌঁছনোর জন্য আগামী দু’সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ওয়াশিংটন। ততদিন পর্যন্ত ইরানে হামলা করবে না আমেরিকা এবং ইজরায়েল। শর্তসাপেক্ষে হরমুজ প্রণালী খুলে দেবে ইরানও। কিন্তু এই ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই ফের আকাশপথে হামলা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ইরান-আমেরিকার এই যুদ্ধবিরতি ভাঙাটাই খুব স্বাভাবিক। ইরান এবং আমেরিকার নেতৃত্ব একে অপরের কথায় মোটেই ভরসা রাখতে পারে না। ফলে সংঘর্ষবিরতিতেও অনড় থাকাটা দুই দেশের পক্ষে কঠিন।
ইরানের তৈল মন্ত্রকের সংবাদমাধ্যম সূত্রে খবর, লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে আকাশপথে হামলা হয়েছে। ইরানের স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ হামলা হয়। দাউদাউ করে জ্বলে ওঠে গোটা এলাকা। তবে সেখানে কেউ হতাহত হননি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুন নেভাতে হাজির হয় দমকল। তারপরেই বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিতে ড্রোন এবং মিসাইল হামলা হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন এই হামলায়, এমনটাই খবর। যদিও ইরানের তরফ থেকে এই হামলা নিয়ে কিছুই বলা হয়নি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, ইরান-আমেরিকার এই যুদ্ধবিরতি ভাঙাটাই খুব স্বাভাবিক। কারণ পাকিস্তানের মধ্যস্থতায় যে সংঘর্ষবিরতি হয়েছে সেটায় লেবানন অন্তর্ভুক্ত নয়। সেই কারণেই আবারও যুদ্ধ শুরু হতে পারে। তাছাড়াও ইরান এবং আমেরিকার নেতৃত্ব একে অপরের কথায় মোটেই ভরসা রাখতে পারে না। ফলে সংঘর্ষবিরতিতেও অনড় থাকাটা দুই দেশের পক্ষে কঠিন। যুদ্ধ থামার মাত্র কয়েকঘণ্টার মধ্যে ফের আক্রমণে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে সংঘাত আদৌ থামবে তো?
