পহেলগাঁও হামলার বদলা নিতে গত বছর ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। বর্ষপূর্তিতে মার্কিন সমর বিশেষজ্ঞ জন স্পেন্সার ভারতের সামরিক সক্ষমতাকে কুর্নিশ জানালেন। তাঁর মতে, ৭২ ঘণ্টার মধ্যে পাকিস্তানের আকাশ দখল করে পাক সেনাকে নাস্তানাবুদ করেছিল ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুর ভারতের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতাকেই প্রমাণ করে।
স্পেন্সার বলেন, প্রাথমিক বয়ানে উঠে আসছিল যে ভারতীয় বিমানগুলির ক্ষতি হয়েছে. সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত ভারতই যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছে, এমনকী পাকিস্তানকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে। স্পেন্সারের কথায়, "১০ মে সকালের মধ্যে আকাশপথে কর্তৃত্ব নেয় ভারত, অপরদিকে পাকিস্তানের পক্ষে অভিযান চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে উঠছিল।" বলা বাহুল্য, মার্কিন সমর বিশেষজ্ঞের এই বয়ান পাকিস্তানের মিথ্যাচারকে প্রমাণ করল। কারণ যুদ্ধে হেরেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে উলটো দাবি করে আসছিল ইসলামাবাদ।
উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের ছায়া সংগঠন টিআরএফের চার জঙ্গি। এই হামলার জবাবে ৭ মে ভোর-রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি। এরপর ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলির জনবহুল এলাকা এবং সেনাঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত ১১টি একধিক বায়ু সেনাঘাঁটি। ভারতীয় সেনার অভিযানে নিহত হয় ১০০ জনের বেশি জঙ্গি ও ৩৫-৪০ জন পাক সেনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের আর্জিতে সংঘর্ষবিরতিতে রাজি হয় নয়াদিল্লি।
