shono
Advertisement
America

মনোবিজ্ঞানের মেধাবী ছাত্রী, ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনায় মর্মান্তিক পরিণতি ভারতীয় তরুণীর! 

নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি খাদে পড়ে যায় গাড়িটি। এরপর সেটি গড়িয়ে সমুদ্রে ভেসে যায়। এর ফলেই মৃত্যু হয়েছে ভারতীয় বংশোদ্ভূত তরুণীর।
Published By: Kishore GhoshPosted: 04:59 PM Aug 24, 2026Updated: 06:41 PM Aug 24, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের খাদে পড়ে গাড়ি। এরপর সেটি গড়িয়ে সমুদ্রে ভেসে যায়। আমেরিকার সমুদ্র উপকূলবর্তী শহরে সান্তা ক্রুজে মর্মান্তিক এই দুর্ঘটনায় মত্যু হয়েছে এক ভারতীয় বংশোদ্ভূত তরুণীর। 'এনআরআই পালস'-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯ বছর বয়সি অ্যালি রেনি সিং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আচমকা মেধাবী ছাত্রীর মৃত্যুতে শোকগ্রস্ত পরিবার।

Advertisement

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে আরও এক যুবক ছিলেন। তিনি অল্প আহত হয়েছেন। শেষ মুহূর্তে কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। চারজন পেশাদার ডুবুরি সমুদ্রে ঝাঁপ দিয়ে তরুণীকে উদ্ধার করেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালেও পাঠানো হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অ্যালি রেনি সিংয়ের। জানা গিয়েছে, গত ১৩ এপ্রিল সান্তা ক্রুজের বিখ্যাত ‘স্টিমার লেনে’ দুর্ঘটনাটি ঘটে। ‘লস এঞ্জেলেস টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, উপকূলীয় ভাঙনের কারণে সমুদ্র-সংলগ্ন ‘ওয়েস্ট ক্লিফ ড্রাইভ’-এর ওই অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ছিল। মনে করা হচ্ছে, এর ফলেই গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি তরুণী।

অ্যালি রেনি সিংয়ের বিষয়টি সোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন তাঁর কাকিমা মনিকা সিং-স্ট্রোমায়ার। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ওই এলাকায় রাস্তা খারাপ থাকায় আগেও দুর্ঘটনা ঘটেছে। গত জুন মাসে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। সেই সময় সান্তা ক্রুজ পর্বতমালায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি বাঁধের ওপর থেকে ৪০০ ফুট নিচে পড়ে গিয়েছিল। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement