৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল কিনতে পারবে ভারত। সম্প্রতি এমনই ‘অনুমতি’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এই পরিস্থিতিতে মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট (Scott Bessent) ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন। জানালেন, রুশ তেল কেনা বন্ধ করে নয়াদিল্লি ওয়াশিংটনের সহায়তা করেছে। ভারতকে 'খুব ভালো অ্যাক্টর' বলেও উল্লেখ করলেন তিনি। সেই সঙ্গেই জানিয়ে দিলেন, বিশ্ব জ্বালানি বাজারকে স্থিতিশীল করতে রুশ অপরিশোধিত তেলের উপর আরোপিত বিধিনিষেধও শিথিল করার কথা ভাবছে আমেরিকা।
মার্কিন সংবাদমাধ্যম 'ফক্স বিজনেস'-কে দেওয়া সাক্ষাৎকারে স্কটকে বলতে শোনা গিয়েছে, ''গোটা বিশ্বে তেল সরবরাহ খুবই ভালো অবস্থায় রয়েছে। গতকালই রাজস্ব বিভাগ আমাদের ভারতে থাকা মিত্রদের রুশ তেল কিনতে অনুমতি দিয়েছে। ভারতীয়রা খুবই ভালো অ্যাক্টর। আমরা ওদের রুশ তেল কিনতে বারণ করেছিলাম। ওরা সেটা করেছে। এর বিকল্প হিসেবে মার্কিন তেল কিনবে ভারত। কিন্তু এই মুহূর্তে তেলের যে সাময়িক অভাব তৈরি হয়েছে, সেদিকে তাকিয়ে আমরা ওদের রুশ তেল কেনায় সম্মতি দিয়েছি। অপরিশোধিত রুশ তেল কেনাতেও অনুমতি দেওয়া হতে পারে।''
মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন। জানালেন, রুশ তেল কেনা বন্ধ করে নয়াদিল্লি ওয়াশিংটনের সহায়তা করেছে।
এর আগেও এই বিষয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে স্কটকে। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, “আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী ভারত। যুদ্ধের আবহে বিশ্বজুড়ে শক্তি সম্পদ চলাচল একেবারে বন্ধ করে দিতে চাইছে ইরান। তাদের চাপকে লঘু করে দেবে এই ৩০ দিনের অস্থায়ী ব্যবস্থা। আন্তর্জাতিক স্তরে পেট্রোপণ্য চলাচলে কোনওরকম বাধা থাকবে না।” তবে রুশ তেল কেনায় সাময়িক ছাড়পত্র দিলেও ভারত আমেরিকা থেকে তেল কেনার পরিমাণ আরও বাড়াবে বলেই দাবি করেন স্কট। তাঁর মতে, এই পদক্ষেপের ফলে রাশিয়ার আলাদা করে কোনও লাভ হবে না।
