ইরানের প্রত্যাঘাতে লন্ডভন্ড গোটা মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতিতে আচমকা সুর নরম করল তেহরান। শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিলেন, প্রতিবেশীগুলির উপর আর নতুন করে হামলা চালানো হবে না। কিন্তু হঠাৎ কেন ঢোঁক গিলল ইরান? বিশেষজ্ঞদের একাংশের মতে, এর নেপথ্যে রয়েছে কূটনৈতিক চাল।
সংবাদমাধ্যমে জাতির উদ্দেশে ভাষণে পেজেশকিয়ান বলেন, "দেশের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী রাষ্ট্রগুলির উপর নতুন করে হামলা না চালানোর সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। যদি ইরান সরাসরি তাদের দ্বারা আক্রান্ত না হয়, তাহলে তেহরানও আর হামলা চালাবে না।" এরপরই প্রতিবেশীদেশগুলির কাছে তিনি ক্ষমা চান। বলেন, "অন্য দেশগুলিকে আক্রমণ করার আমাদের কোনও ইচ্ছা নেই। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলির কাছে আমি ক্ষমাপ্রার্থী।" তবে পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান আত্মসমর্পণ করবে না।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজরায়েলের যৌথ হামলার পর প্রত্যাঘাত শুরু করে ইরান। প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালাচ্ছিল ইরান। কিন্তু তারপর গোটা মধ্যপ্রাচ্যজুড়ে বেপরোয়া আক্রমণ শুরু করেছে তেহরান। ইরাকের পাশাপাশি প্রতিবেশী কুয়েত, সৌদি আরব, আরব আমিরশাহী, বাহরিন, ওমান, জর্ডনে নির্বিচারে হামলা চালাচ্ছিল তেহরান। এসবের মাঝেই আবার সৌদি আরব পালটা হামলার হুঁশিয়ারি দেয়। বিশেষজ্ঞদের একাংশের মতে, ইরানের এহেন বেপরোয়া আচরণ তাদের বন্ধু রাষ্ট্রগুলিকে ক্রমশ শত্রুতে পরিণত করছিল। এই জটিল পরিস্থিতিতে প্রতিবেশীরা যাতে ক্ষুব্ধ হয়ে যাতে আমেরিকা-ইজরায়েলের হাত না ধরে, সেই কারণেই এই সিদ্ধান্ত ইরানের।
