মঙ্গলবার রাত ৮টার পর ইরানের পাওয়ার প্লান্ট ও সেতুগুলিতে ভয়ংকর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এর মধ্যেই বড় হুমকি দিল ইজরায়েলও। আইডিএফের তরফে ইরানের নাগরিকদের উদ্দেশে বার্তা, তাঁরা যেন স্থানীয় সময় রাত ৯টা (ভারতীয় সময় ১১টা পর্যন্ত) পর্যন্ত ট্রেনে না ওঠেন!
ইজরায়েল সেনার তরফে যে বার্তা দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, 'নিরাপত্তার স্বার্থেই আমরা অনুরোধ করছি ইরানের সময় রাত ৯টা পর্যন্ত আপনারা দেশজুড়ে ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে ও কাছাকাছি থাকা রেললাইনে আপনাদের উপস্থিতি আপনাদের জীবনকে বিপন্ন করে তুলতে পারে।'
ইরানকে বড় হুমকি দিল ইজরায়েল। আইডিএফের তরফে ইরানের নাগরিকদের উদ্দেশে বার্তা, তাঁরা যেন স্থানীয় সময় রাত ৯টা (ভারতীয় সময় ১১টা পর্যন্ত) পর্যন্ত ট্রেনে না ওঠেন!
ইজরায়েলি সেনা গ্রাফিক্সেও ফারসি ভাষায় একই বার্তা তুলে ধরেছে। এবং একে সমগ্র ইরানজুড়ে ট্রেন যাত্রীদের প্রতি একটি ‘জরুরি সতর্কতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। লিখিত বার্তার মতোই সেই ছবিতেও ট্রেন ও রেললাইন এড়িয়ে চলার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
‘ছোট্ট লড়াই’ বলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে ছিল ইজরায়েল। একমাস পেরিয়ে গেলেও যুদ্ধ থামার নাম নেই, বরং উত্তরোত্তর তা আরও গুরুতর আকার নিয়েছে। রবিবার ইজরায়েলের ড্রোনের আঁতুড়ঘরে মারণ হামলা চালিয়েছে ইরান। ড্রোন কারখানায় হামলার কথা ইজরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ড্রোন নির্মাণ সংস্থার তরফে এ কথা স্বীকার করে নেওয়া হয়েছে। সংস্থার সিইও জানিয়েছেন, ইরানের হামলা কারখানা পুরোপুরি ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবার পালটা ইরানের রেলপথে বড় হামলার হুঁশিয়ারি দিল ইজরায়েল। তবে যেহেতু তারা নির্দিষ্ট কোনও অঞ্চলের কথা বলেনি, তাই দেশজুড়েই সমস্ত রেলপথে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই।
এদিকে ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দাবি করা হয়েছে, ইরানের কোম শহরে কোনও এক হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। শুধু তাই নয়, মোজতবার মৃত্যু নিশ্চিত তা বুঝতে পেরে শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই ইস্যুতে ইরানের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি।
