মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে আশঙ্কা করা হচ্ছে শীঘ্রই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা। এই পরিস্থিতিতে ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত দেশ ছড়ার নির্দেশ দিল দূতাবাস।
সোমবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, ‘বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে হোক আপনারা দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে যান। নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্রও নিজেদের হাতের কাছে তৈরি রাখুন। ইরানে যে সমস্ত জায়গায় বিক্ষোভ হচ্ছে, সেই স্থানগুলি এড়িয়ে চলুন।’ যে কোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। একইসঙ্গে দূতাবাসের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। সেগুলি হল - +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯।
উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই দু’দেশের মধ্যে সংঘাত চলছে। সাম্প্রতিক অতীতে ইরানের কাছে সমুদ্রে রণতরী, যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে আমেরিকা। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার সেনা হোয়াইট হাউসকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে তারা ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত। আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষাতেই রয়েছে তারা। মার্কিন সরকারের উচ্চপদস্থ এক আধিকারিকের কথায়, “চলতি সপ্তাহেই ট্রাম্প কোনও সিদ্ধান্ত নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তিনি গোটা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছেন।” বর্তমানে পরমাণু চুক্তি নিয়েও ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা চলছে। ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন, যদি ইরান চুক্তিতে সম্মত না হয়, তাহলে যুদ্ধ ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না। এই পরিস্থিতির মাঝেই এবার ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল দূতাবাস।
