গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা ও ইজরায়েল। পালটা হামলার পাশাপাশি কৌশল হিসাবে বিশ্বের জ্বালানির ধমনী হরমুজ প্রণালী অবরুদ্ধ করেছে ইরান। এর জেরে বিশ্বের অন্যান্য দেশের মতোই জ্বালানি সংকটে ভুগছে ভারত। এই পরিস্থিতিতে ভারতমুখী তেল ও গ্যাসবাহী জাহাজগুলিকে নিরাপত্তা দিতে অপারেশন 'উর্জা সুরক্ষা' শুরু করল ভারতীয় সেনা। এর জন্য পাঁচটি বা তার বেশি রণতরীকে পাঠানো হয়েছে হরমুজের পথে। যারা ভারতমুখী জাহাজগুলিকে পথ দেখানোর পাশাপাশি নিরাপত্তা দেবে।
সূত্রের খবর, বর্তমান ভারতমুখী ২০টি জাহাজ অবস্থান করছে হরমুজে। সেগুলিতে পিএনজি, এলএনজি, অশোধিত তেল ইত্যাদি গুরুত্বপূর্ণ আমদানি সামগ্রী রয়েছে। এই জাহাজগুলিকে সুরক্ষা দেবে নৌসেনার জাহাজগুলি। যুদ্ধের কারণে উপদ্রুত ওমান উপকূল থেকে আরব সাগর অবধি তেল ও পণ্য জাহাজগুলির সঙ্গী হবে ভারতীয় রণতরী। যতক্ষণ না সংঘর্ষবিরতি হচ্ছে ততক্ষণ অপারেশন উর্জা সুরক্ষা চালু থাকবে বলেই জানা গিয়েছে।
এর মধ্যেই অবশ্য ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়েছে ইরান। ভারতের জন্য ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী মুক্ত করেছে তারা। ভারতের পাশাপাশি আরও চার দেশকেও তারা ছাড় দিয়েছে। তেহরান জানিয়ে দিয়েছে, ভারত ছাড়াও রাশিয়া, চিন, পাকিস্তান এবং ইরাকের জাহাজগুলি নিরাপদে হরমুজ পেরতে পারবে। এদিকে বৃহস্পতিবার খবর এসেছে ইরানের নৌসেনা প্রধান আলিরেজা টাংসিরিকে হত্যা করেছে ইজরায়েল। উল্লেখ্য, এই আলিরেজাই ইরানের দ্বাররক্ষী হিসাবে কাজ করছিলেন।
