জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার পর অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের ভোলারি বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। সেই বিমানঘাঁটি এখন পুনর্নির্মাণ করলছে পাকিস্তান। সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ভ্যান্টর উপগ্রহ চিত্রে এমন ছবিই ধরা পড়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বায়ুসেনার অনুমান, তাদের প্রত্যাঘাতে ভোলারি বিমানঘাঁটিতে থাকা পাক বায়ুসেনার এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান (সম্ভবত সাব ২০০০ 'ইরিয়ে') ধ্বংস হয়ে গিয়েছে। উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে, বিমানঘাঁটির হ্যাঙ্গারের সবুজ ছাদ ক্ষতিগ্রস্ত। তা-ই এখন মেরামত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ছাদ ভেঙে নতুন ছাদ বানানোর প্রস্তুতি চলছে।
উপগ্রহচিত্রে চারটি ভিন্ন সময়ের ছবি ধরা পড়েছে। প্রথম ছবিটি ২০২৫ সালের ২৭ এপ্রিল। সেই ছবিতে দেখা যাচ্ছে, বিমানঘাঁটির হ্যাঙ্গারের ওই ছাদ পুরোপুরি অক্ষতই রয়েছে। প্রসঙ্গত, ওই বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। কিন্তু তখনও অপারেশন সিঁদুর অভিযান চালায়নি ভারতীয় সেনা। সিঁদুর অভিযান শুরু হয়েছিল ৭ মে, মধ্যরাতে। পরের ছবিটি ভারতীয় সেনার সেই অভিযানের পরে তোলা হয়। সেটি ১১ মে-র। তাতে দেখা যাচ্ছে, হ্যাঙ্গারের ছাদের ভারী, শক্তিশালী কিছু এসে পড়েছে। ধ্বংসের স্পষ্ট চিহ্ন রয়েছে। ২ জুনের একটি ছবিতে দেখা যাচ্ছে, বিমানঘাঁটিতে ততদিনে মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। এর পর চলতি বছরের ২৮ জানুয়ারির ছবিতে দেখা গেল, হ্যাঙ্গারের ছাদ পুনর্নিমাণ করা হচ্ছে।
কিন্তু কী ধরনের অস্ত্র দিয়ে ভোলারি বিমানঘাঁটিতে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনা, তা অবশ্য স্পষ্ট নয়। তবে ধ্বংসের যে চিহ্ন দেখা যাচ্ছে, তা থেকে সামরিক বিশেষজ্ঞদের একাংশের মত, রাফালে যুদ্ধবিমান দিয়ে এই বিমানঘাঁটিতে হামলা চালানো হয়ে থাকতে পারে। প্রসঙ্গত, এর আগে পাকিস্তানের মুরিদকে, সুক্কুর এবং নুর খান বিমানঘাঁটিতে মেরামতির ছবি প্রকাশ্যে এসেছিল।
