২ দিনের সফরে শনিবার উজবেকিস্তানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাসখন্দ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ। প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন তিনি। তাসখন্দেও প্রেসিডেন্টের সঙ্গে ‘গাড়ি কূটনীতি’তে দেখা যায় মোদিকে।
জানা গিয়েছে, তাসখন্দে শাস্ত্রী মেমোরিয়াল এবং তাসখন্দ স্টেট ইউনিভার্সিটি অফ ওরিয়েন্টাল স্টাডিজের মহাত্মা গান্ধী সেন্টার পরিদর্শন করবেন মোদি। শুধু তাই নয়, প্রেসিডেন্ট শাভকাতের সঙ্গে বৈঠকও করবেন তিনি। বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা দু’জনের। এছাড়াও কীভাবে দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বৃদ্ধি করা যায় - সেই প্রসঙ্গও উঠে আসবে বৈঠকে। শনিবার প্রোটোকল ভেঙে শাভকাত মোদিকে সঙ্গে নিয়ে নিজের গাড়িতে করে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। ইতিমধ্যেই সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দু'দিনের উজবেকিস্তান সফর সেরে মোদি রওনা দেবেন কিরগিজস্তানে। সেখানে তিনি ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসাবে এটিই মোদির চতুর্থ উজবেকিস্তান সফর। শেষবার ২০২২ সালে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিনি সে দেশে গিয়েছিলেন। তাঁর আশা, এই সফর মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করবে। এর আগে প্রধানমন্ত্রী গিয়েছিলেন ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে।
