পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি ইউরোপের একটি দেশের রাজকুমারীকে বিয়ে করতে চলেছেন। এই খবরে তোলপাড় সোশাল মিডিয়া। এমনকী বিলাওয়ালের বাবা তথা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নাকি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজকুমারীর দেশে গিয়ে বিয়ের দিনক্ষণও ঠিক করে এসেছেন। যদিও এই খবরে জল ঢেলে দিয়েছে বিলাওয়ালের দল পিপিপি। কী বলছে তারা?
সোশাল মিডিয়ায় খবর ছড়ায় অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মাঝখানে অবস্থিত সার্বভৌম রাষ্ট্র লিচেনস্টাইনের এক রাজকন্যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ৩৮ বছরের বিলাওয়াল ভুট্টোর। যদিও এই তথ্যকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন পিপিপি-র অন্যতম মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব। শনিবার রাতে সোশাল মিডিয়ায় একটি পোস্টে তিনি স্পষ্ট করেন, বিলাওয়ালের আংটি বদল বা বিয়ের খবরের কোনও সত্যতা নেই। বিলাওয়াল বা তার পরিবারের পক্ষ থেকেও এমন কোনও কথা বলা হয়নি।
অতীতেও বহুবার সাংবাদিকদের বিয়ে সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হয়েছে বিলাওয়াল ভুট্টোকে। ২০২২ সালে পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় এক সাংবাদিক বিয়ের পরিকল্পনা জানতে চাইলে তিনি হেসে উত্তর দিয়েছিলেন, অবশ্যই আমার বিয়ে করার ইচ্ছা আছে। ২০১৬ সালে একই ধরনের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, তাঁর হবু বউকে আগে তার দুই বোনের মন জয় করতে হবে, যা করা যে কোনও মেয়ের জন্য কঠিন কাজ।
লিচেনস্টাইনের রাজকন্যা নয়, বিলাওয়ালের সম্ভাব্য হবু স্ত্রী ২৬ বছর বয়সি অস্ট্রিয়ার প্রাক্তন আর্চডাচেস গ্লোরিয়া ফন হ্যাবসবার্গ। যিনি অস্ট্রিয়ার আর্চডিউক কার্ল ও ফ্রান্সেস্কা ফন থাইসেন-বোর্নেমিসজার কন্যা। হাবসবুর্গ-লোরেন রাজবংশের একজন সদস্য। অস্ট্রিয়ার সর্বশেষ সম্রাট ও হাঙ্গেরির রাজা প্রথম কার্লের প্রপৌত্রীও। এমন খবরই ছড়িয়েছিল। যদিও যাবতীয় জল্পনাতে জল ঢালা হয়েছে পাকিস্তান পিপলস পার্টির তরফে।
