shono
Advertisement

নয়া পাক সরকারের সঙ্গে কাজ করতে উন্মুখ, জানিয়ে দিল আমেরিকা

ইমরান সরকার ফেলার পিছনে তাদের হাত নেই বলেই দাবি ওয়াশিংটনের।
Posted: 02:10 PM Apr 16, 2022Updated: 02:36 PM Apr 16, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে (Pakistan) রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। সেখানকার নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করার বার্তা দিল মার্কিন (US) প্রশাসন।  সেই সঙ্গে ইসলামি দেশটিতে ইমরান খান (Imran Khan) সরকারের পতনে তাঁর সমর্থকদের মার্কিন ভূমিকার অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, “আমরা পাক অ‌্যাসেম্বলিতে নির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছি এবং আমরা তাঁর এবং তাঁর সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।”

এক সাংবাদিক সম্মেলনে প্রাইস বলেন, “প্রায় ৭৫ বছর ধরে আমেরিকা ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পাকিস্তান এবং বৃহত্তর অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য পাকিস্তান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অপেক্ষায় আছি। এর একদিন আগে ইমরান খানের সমর্থকরা এখানে যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভের আয়োজন করে। তারা একজন পাক-আমেরিকান সাংবাদিক এবং কিছু সম্প্রদায়ের সদস্যদের উপর আক্রমণ করেছে। কারণ তারা সে দেশে সরকার পরিবর্তনে আমেরিকার ভূমিকা থাকার অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।”

[আরও পড়ুন: বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ সবাইকে! পাঞ্জাবে ক্ষমতায় এসেই বড় ঘোষণা আপের]

পাকিস্তানে রাজনৈতিক সংকট শুরুর দিন থেকে সদ‌্য প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতা ইমরান খান অভিযোগ করতে থাকেন, তাঁর সরকার ফেলে দেবার পিছনে বিদেশি শক্তির হাত আছে। তিনি সরাসরি আমেরিকা নাম উচ্চারণ না করলেও, কারও ইঙ্গিতটি বুঝতে অসুবিধা ছিল না। এরপরেই এই নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন ইমরানের সমর্থকরা।

এর ঢেউ গিয়ে পৌঁছেছে মার্কিন মুলুকেও। সেখানে বসবাসকারী প্রবাসী পাকিস্তানিরা ওয়াশিংটনেও কয়েক জায়গায় বিক্ষোভ দেখিয়েছে পাকিস্তানে রাজনৈতিক পালাবদলে মার্কিন সরকারের ভূমিকা থাকার অভিযোগ তুলে।

[আরও পড়ুন: PNB Scam: পলাতক হিরে ব্যবসায়ী মেহুল চোকসির সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর বিভাগ]

প্রাইস এদিন বলেন, “আমাদের বার্তা এই বিষয়ে পরিষ্কার এবং সামঞ্জস্যপূর্ণ ছিল– যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনও সত্যতা নেই। আমরা মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতির শান্তিপূর্ণ সমর্থন করি। পাকিস্তান হোক বা বিশ্বের যে কোনও দেশ, আমরা কোনও রাজনৈতিক দলকে সমর্থন করি না।” তিনি আরও বলেন, “আমরা আইনের শাসন এবং আইনের অধীনে সমান ন্যায়বিচার সহ বৃহত্তর নীতিগুলিকে সমর্থন করি। আমেরিকা পাকিস্তানের সামরিক মুখপাত্রের মূল্যায়নের সঙ্গে একমত, যিনি বলেছিলেন যে বাইডেন প্রশাসন ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য হুমকি দিয়েছিল বা ষড়যন্ত্রে জড়িত ছিল এমন কোনও প্রমাণ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement