shono
Advertisement
Jeffrey Epstein

এপস্টেইনের নৈশভোজেও যান অনিল আম্বানি! 'সুইডিশ সুন্দরী' ছাড়া আর কী নিয়ে কথা হয়েছিল দু'জনের?

ব্যবসায়ী থেকে রাজনীতিক, শিল্পপতি থেকে শিক্ষাবিদ— অনেকের সঙ্গেই কখনও না কখনও যোগাযোগ হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের। সেই তালিকায় আগেই ঢুকে পড়েছে ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির নাম।
Published By: Saurav NandiPosted: 06:38 PM Feb 15, 2026Updated: 06:38 PM Feb 15, 2026

ব্যবসায়ী থেকে রাজনীতিক, শিল্পপতি থেকে শিক্ষাবিদ— অনেকের সঙ্গেই কখনও না কখনও যোগাযোগ হয়েছিল যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের। সেই তালিকায় আগেই ঢুকে পড়েছে ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির নাম। এপস্টেইন তাঁকে 'দীর্ঘাঙ্গী সুইডিশ সুন্দরী'র প্রস্তাবও দিয়েছিলেন বলে জানা গিয়েছে। এবার এপস্টেইন ফাইলসের সদ্যপ্রকাশিত নথি ঘেঁটে দেখা গিয়েছে, এপস্টেইনের প্রাসাদে নৈশভোজেও গিয়েছিলেন অনিল। সেখানে দু'জনের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

Advertisement

নৈশভোজে অনিল এবং এপস্টেইনের মধ্যে কী কথাবার্তা হয়েছিল, তার খানিক আভাস মিলেছে আমেরিকার বিচার দপ্তর প্রকাশিত এপস্টেইন ফাইলসের নথিতে। তাতে দেখা গিয়েছে, মূলত ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়েই কথা বলেছেন দু'জন। ২০১৯ সালের ২০ এপ্রিল অনিল এপস্টেইনকে ব্যক্তিগত বার্তায় লিখেছিলেন, "কথা বলব। কর্পোরেট স্তরের বিনিয়োগের ব্যবস্থা করে দিতে পারবেন আপনি?" আর একটি বার্তায় অনিলের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে এপস্টেইন লিখেছিলেন, "ব্যবসায়ীদের অনেকেই আমার বাড়িতে আছেন। আপনারও ভালো লাগবে।"

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের মে পর্যন্ত বিভিন্ন সময়ে কথা হয়েছে অনিল এবং এপস্টেইনের। শুধু তা-ই নয়, তাঁদের মধ্যে খুবই নিবিড় যোগাযোগ ছিল। যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার কয়েক মাস আগেও কথা হয়েছিল তাঁদের মধ্যে।

এপস্টেইন ফাইলস বলছে, ২০১৭ সালের ৯ মার্চ অনিল একটি মেসেজে লিখেছিলেন, ‘‘কাকে প্রস্তাব করছেন?’’ এপস্টেইন জবাবে বলেন, ‘‘দীর্ঘাঙ্গী এক সুইডিশ শ্বেতাঙ্গ মহিলা, দেখা করলে মজা হবে।’’ প্রায় ২০ সেকেন্ডের মাথায় অনিল জবাবে লেখেন, ‘‘ব্যবস্থা করুন।’’

এপস্টিনের একটি নম্বর এবং অনিলের মধ্যে যে মেসেজ চালাচালি হয়েছিল, তা থেকে জানা যায়, ওই বছরের শেষে দু’জনের প্যারিসে সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেখানে তাঁদের দেখা হয়নি। এর পরে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের ডাভোসে ভাষণ নিয়ে আলোচনা করেছিলেন তাঁরা। সেখানে অনিল জানিয়েছিলেন, ২০১৯ সালের মে মাসে নিউ ইয়র্কে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তখনই তাঁকে আমন্ত্রণ জানিয়ে এপস্টেইন লেখেন, ‘‘কারও সঙ্গে যদি চুপচাপ দেখা করতে চান, তা হলে আমাকে জানাবেন।’’

নথি অনুসারে, এপস্টেইনের সহকারী জানিয়েছেন, ম্যানহাটনে এপস্টেনের বাড়িতে দেখা হয়েছিল দু’জনের। অনিলের প্রতিনিধি এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তার পরে অনিলকে করা এপস্টিনের একটি মেসেজও প্রকাশ্যে এসেছে। সেখানে যৌন অপরাধী লিখেছেন, ‘‘আজ দারুণ গেল। আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’’

২০১৭ সালের একটি কথোপকথনে অনিলকে এপস্টেইন জিজ্ঞেস করেছিলেন, তাঁর কেমন মহিলা পছন্দ। তিনি লেখেন, ‘‘কোনও অভিনেত্রী বা মডেলের প্রতি কি আপনার কোনও ঝোঁক রয়েছে? আশা করি, মেরিল স্ট্রিপ হবে না। তা হলে কিছু করার নেই।’’ জবাবে অনিল লিখেছিলেন, ‘‘রুচি একটু ভাল করুন বন্ধু। আমাদের পরের ছবি স্কারলেট জোহানসনের সঙ্গে।’’ এপস্টেইন জবাবে লেখেন, ‘‘আমি শুনে খুশি হলাম যে বয়স্কদের তুলনায় শ্বেতাঙ্গ তরুণীদের আপনি পছন্দ করেন।’'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement