মনে-প্রাণে বিএনপির সমর্থক স্বামী। এলাকায় সক্রিয় নেতা বলেও পরিচিত। তাঁর স্ত্রী ভোট দিয়ে এসেছেন জামাতকে। সেই রাগে স্ত্রীকে তালাকই দিয়ে দিলেন সেই বিএনপি নেতা।
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ভোটের দিন তিনি স্ত্রীকে বারবার অনুরোধ করেছিলেন, যাতে তিনিও বিএনপি-কেই ভোট দেন। কিন্তু ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে স্ত্রী জানান যে, তিনি ভোট দিয়েছেন জামাতকে। সেখান থেকেই দম্পতির মধ্যে ঝামেলার সূত্রপাত। প্রথমে কথা কাটাকাটি চললেও, বিষয়টি শেষ পর্যন্ত গড়ায় তালাক পর্যন্ত।
রবিবার সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে পঞ্চাশের কোঠার এক মহিলাকে বলতে শোনা যায়, "দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আমি এর বিচার চাই। আমি যেন নিজে স্বাধীন ভাবে চলতে পারি।" ওই ভিডিওতে মহিলার স্বামী বলেন, "আমি ধানের শিষকে ভালোবাসি। ধানের শিষ করি। আমার মনটা খারাপ ছিল। শুক্রবার দিন সকালবেলা উৎসব করছিল। এটা আমি সহ্য করতে পারিনি। এটা আমি অন্যায় করে ফেলেছি।"
ঘটনার পর এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই বিএনপি নেতার স্ত্রী। যদিও স্ত্রীকে তালাক দেওয়ার পর স্বামী নিজের ভুল বুঝতে পেরেছেন। বলছেন, ‘‘রাগের মাথায় ভুল করে ফেলেছি। এখন ওঁকে নিয়ে আসার জন্য লোক লাগিয়েছি।’’
