shono
Advertisement
Tarique Rahman Bangladesh PM

বেগম-যুগ অতীত, ৩৪ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে! শপথ নিলেন তারেক

২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'ভূমিধস' জয় পেয়েছে বিএনপি। মঙ্গলবার রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথবাক্য পাঠ করালেন। মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৭ জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন।
Published By: Kishore GhoshPosted: 03:53 PM Feb 17, 2026Updated: 05:30 PM Feb 17, 2026

বেগম-যুগ অতীত। ৩৪ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করালেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

Advertisement

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০ বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'ভূমিধস' জয় পেয়েছে দলটি। বাংলাদেশের জাতীয় সংসদের ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়ী হয়েছে তারা। মঙ্গলবার তারেকের পাশাপাশি শপথ নিলেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যেরা। তার মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগির, আমির খসরু মাহমুদ চৌধুরি, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ। উল্লেখ্য, মন্ত্রীদের ২৫ জনের মধ্যে ১৭ জনই নতুন মুখ। প্রতিমন্ত্রীর মধ্যে ২৪ জনই নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হচ্ছেন।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। ছবি: সংগৃহীত।

তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়ানে মঙ্গলবার বেলা ১২টা ৪৫ (বাংলাদেশি সময়) মিনিটে ঢাকা পৌঁছান লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁকে ঢাকায় স্বাগত জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সচিব মহম্মদ নজরুল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। এদিন ওম বিড়লার সফরসঙ্গী হিসাবে ঢাকায় পৌঁছান ভারতের বিদেশসচিব বিক্রম মিসরিও।

দীর্ঘ ১৮ মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে বিকেল ৪টায় (বাংলাদেশি সময়) জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর আগে সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান ঘিরে এলাকায় জোরদার নিরাপত্তা ছিল। 

তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছান লোকসভার স্পিকার ওম বিরলা। ছবি: সংগৃহীত।

প্রসঙ্গত, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে সোমবার রাতে জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। যার পরে দিয়ে শেষ হয় এক ক্রান্তিকালীন অধ্যায়ের। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বসতে পারে বাংলাদেশের ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। মঙ্গল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হবে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement