দুর্গাপুরে রমরমিয়ে অবৈধ মাটি কারবার! পেটের দায়ে জীবন বাজি রেখেই কারবারে সামিল এলাকার বাসিন্দারা। আচমকা দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ। মাটি ধসে মৃত্যু হল এক শ্রমিকের। ক্ষতিপূরণের দাবিতে এলাকায় তুমুল বিক্ষোভ স্থানীয়দের।
শনিবার ভরদুপুরে হঠাৎই বিপত্তি। অন্ডালের মুকুন্দপুরে অবৈধভাবে মাটি কাটার কাজ চলছিল। ঠিক সেই সময়ে ঘনিয়ে আসে বিপদ। যথেচ্ছভাবে মাটি কাটার ফলে ধস নামতে শুরু করে এলাকায়। আর সেখানেই মাটি ধসে চাপা পড়ে যান এক শ্রমিক। মাটি সরিয়ে তাঁকে উদ্ধার করার চেষ্টা শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দিন মজুরের। মৃত দিন মজুরের নাম মঙ্গল ভুঁইয়া (৫০)। এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে উপড়ে পড়ে স্থানীয়দের ক্ষোভ। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় অন্ডাল থানার পুলিশ ও বাহিনী।
স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি মিতা সিনহা বাউরি অভিযোগ করেন, "দিনের পর দিন অবৈধভাবে মাটি পাচার করা হচ্ছিল এলাকায়। সেখানেই কাজ করার সময় মাটির চাঙড় ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় মঙ্গলের। যে জেসিবি করে মাটি পাচার হচ্ছিল সেই জেসিবি আমরা আটকে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত কোনও মীমাংসা হচ্ছে, আমরা গাড়ি ছাড়ব না।"
এই জেসিবি দিয়েই এলাকায় মাটি কাটার কাজ চলছিল।
স্থানীয় তৃণমূল নেতার নেতৃত্বে ক্ষতিপূরণের দাবিতে জেসিবি আটকে চলতে থাকে বিক্ষোভ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কাদের মদতে অবৈধ মাটি পাচারেরে কারবার? আগেও একাধিক অভিযোগের পরেও কানে তোলেনি কারবারিরা? গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।
