রাজ্যে ভোটপ্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। দুর্নীতি ইস্যুতে নরেন্দ্র মোদির সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে বিঁধলেন সোনিয়াতনয়। তৃণমূলের জন্য বঙ্গে বিজেপি এসেছে। এদিন সেই কটাক্ষও করেছেন রাহুল।
আজ, শনিবার বিকেলে হুগলির শ্রীরামপুরে সভা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকার একাধিক দুর্নীতিতে জড়িয়ে আছে বলে অভিযোগ করেন তিনি। বাংলার তৃণমূল কংগ্রেস সরকারও একইভাবে দুর্নীতিতে জড়িয়ে বলে কটাক্ষ করলেন রাহুল। নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে আক্রমণ করেন তিনি। রাহুলের কথায়, "নরেন্দ্র মোদি যে হিংসা ছড়ায়, তৃণমূলও বাংলায় তাই করে। নরেন্দ্র মোদি দুর্নীতি করলে মমতা বন্দ্যোপাধ্যায়ও কম যায় না।"
বিজেপির বিরুদ্ধে কংগ্রেস লড়াই করছে। সেই কথার পরে রাহুল বলেন, "আমি জামিনে আছি। আমার লোকসভার সদস্যপদ ছিনিয়ে নিয়েছে। ৩৬টি মামলা রয়েছে আমার বিরুদ্ধে। বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্রে গেলেও ১০-১৫ দিন অন্তর মামলায় হাজিরা দিতে হয়। আমায় ৫৫ ঘণ্টা ধরে জেরা করেছে, টানা পাঁচদিন।" এরপরই তিনি সুর চড়িয়ে প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটা মামলা করেছেন মোদি? কত ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে? রাহুলের আরও কটাক্ষ, তৃণমূল বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করে না। কংগ্রেসই নীতির ভিত্তিতে লড়াই করছে। সঙ্ঘের বিরুদ্ধে লড়াই করে।
তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে রাহুল এদিন ফের সারদা-রোজভ্যালি চিটফান্ড কাণ্ডকে তুলে আনেন। এই দুই চিটফান্ড কেলেঙ্কারিতে আমানতদের টাকা লুট হয়েছে বলে এদিন অভিযোগ করেন কংগ্রেস নেতা। শিল্পক্ষেত্র নিয়েও এদিন রাজ্য সরকারকে নিশানা করেন সনিয়াপুত্র। অতীতে শিল্পের ভরকেন্দ্র ছিল বাংলা। এখন এই রাজ্য পিছনের সারিতে। কল-কারখানা বন্ধ হয়ে গিয়েছে। গঙ্গার পাড়ের শিল্পাঞ্চল ধুঁকছে, এদিন সেই বিষয়ও উল্লেখ করেন রাহুল।
