shono
Advertisement
West Bengal Assembly Election

ভোট দিতে বাড়ি ফেরাই কাল! পূর্বস্থলীতে উদ্ধার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ, নেপথ্যে কে?

শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন শ্যামল। কিন্তু রাতে বাড়ি ফেরেননি।
Published By: Tiyasha SarkarPosted: 06:48 PM Apr 25, 2026Updated: 06:48 PM Apr 25, 2026

ভোট দিতে দিন তিনেক আগেই কালনার বাড়ি ফিরেছিলেন। কিন্তু ভোটের আগেই সব শেষ। পূর্বস্থলী থানার মোয়াইল এলাকায় বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উদ্ধার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন খুন? নেপথ্যে কে বা কারা, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম শ্যামল মণ্ডল। মৃতের পরিবার জানায়, ওই যুবক ভিন রাজ্যে রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। আগামী ২৯ এপ্রিল ভোট দেবেন বলে পূর্বস্থলীর বাড়িতে ফিরেছিলেন তিনি। গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন শ্যামল। কিন্তু রাতে বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা যোগাযোগের চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। শনিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি মাঠে উদ্ধার হয় শ্যামলের ক্ষতবিক্ষত দেহ। তাঁর পায়ের বিভিন্ন অংশে মিলেছে পোড়ার দাগ। চোখে মুখেও রয়েছে আঘাতের চিহ্ন।

খবর পেয়েই দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের মেয়ে জানান, তাঁর বাবার কোনও শত্রু ছিল না। তবে তাঁকে খুন করা হয়েছে। ভোট নিয়ে কারও সঙ্গে বিতর্কের কারণে তাঁকে খুন করা হয়েছে কিনা স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে। তবে জানা যাচ্ছে, ওই যুবক রাজনীতি করতেন না। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement