যুবকের সঙ্গে বকখালিতে (Bakkhali) বেড়াতে গিয়ে তিন সপ্তাহ ধরে নিখোঁজ তরুণী। যুবককে জিজ্ঞাসাবাদ করে রোমহর্ষক তথ্য পেল পুলিশ। সমুদ্রসৈকতে বালি খুঁড়ে উদ্ধার হল তরুণীর দেহ। গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে।
পুলিশ সূত্রে খবর, গত ১৬ মে জিয়ারুল সর্দারের সঙ্গে বকখালিতে বেড়াতে যান আবিয়া বিবি নামে ওই তরুণী। জিয়ারুল বাড়ি ফিরে যান। তবে তরুণী নিখোঁজ হয়ে যান। পরিবারের তরফে বকুলতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। মাঝে কেটে যায় সপ্তাহতিনেক। বৃহস্পতিবার সকালে জিয়ারুলকে আটক করেন তদন্তকারীরা।
যুবককে জেরায় চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। তদন্তকারীদের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নেয় জিয়ারুল। দেহ সমুদ্রসৈকত লাগোয়া এলাকায় বালি খুঁড়ে লুকিয়ে রাখা রয়েছে বলেও জানায়। সেই মতো ওই যুবককে হেনরি আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে মাটি খুঁড়ে তরুণীর দেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কী কারণে আবিয়াকে খুন করল জিয়ারুল? জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দু'জনের সঙ্গে অশান্তি চলছিল। তার জেরেই নাকি আবিয়াকে খুন করে জিয়ারুল। ধৃত যুবককে জেরা করে আরও নানা তথ্য পাওয়া যাবে বলেই আশা তদন্তকারীদের। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন। ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
