shono
Advertisement
Abhishek Banerjee

আমতলায় অভিষেকের দপ্তর ভাঙা যাবে না ৬ আগস্ট পর্যন্ত, হাই কোর্টে আরও কী জানাল রাজ্য?

ডায়মন্ড হারবারের আমতলায় বৈধ প্ল্যান-নথি ছাড়াই আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ ওঠে। তা নিয়ে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবও করে জেলা প্রশাসন।
Published By: Kousik SinhaPosted: 02:02 PM Jul 28, 2026Updated: 04:26 PM Jul 28, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আমতলার পার্টি অফিস নিয়ে ফের বিতর্ক! পার্টি অফিসের যে অংশ নিয়ে অভিযোগ, তা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয় বলে কলকাতা হাই কোর্টে দাবি রাজ্যের। গত কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার অফিসে চলে বুলডোজার। ভেঙে দেওয়া হয় একাংশ। তবে ভেঙে দেওয়া অংশ তৃণমূল বা লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিই নয় বলে কলকাতা হাই কোর্টে জানিয়ে দিল রাজ্য। তবে এদিন এই সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়নি। আগামী ৬ আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। ওই দিনই দুপুর ২টোয় ফের এই মামলাটি শুনবে হাই কোর্ট। অর্থাৎ এই সময়সীমার মধ্যে আমতলার ওই দপ্তর ভাঙা যাবে না। আগামী ৬ আগস্ট এই সংক্রান্ত মামলা কোনদিকে গড়ায় সেদিকে নজর সবার।

Advertisement

শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা লিপস অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, সেই দাবি একেবারেই ঠিক নয়।

ডায়মন্ড হারবারের আমতলায় বৈধ প্ল্যান-নথি ছাড়াই আমতলার কার্যালয় নির্মাণের অভিযোগ ওঠে। তা নিয়ে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলবও করে জেলা প্রশাসন। দেওয়া হয় নোটিস। নোটিসে উল্লেখ করা হয়, যে জমিতে সাংসদের কার্যালয়টি নির্মাণ হয়েছে, তা লিপস এন্ড বাউন্ডসের নামে কেনা হয়েছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। পরপর দু'বার নোটিসে সাড়া না দেওয়ায় শেষমেশ আমতলার বিতর্কিত ওই দপ্তর ভেঙে দেওয়া হয়। প্রশাসনের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই তৃণমূল সাংসদের কোম্পানি 'লিপস্ এন্ড বাউন্ডস'-এর তরফে হাই কোর্টে মামলা হয়।

আজ, মঙ্গলবার এই মামলার শুনানি হয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা লিপস অ্যান্ড বাউন্ডসের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, সেই দাবি একেবারেই ঠিক নয়। আইনজীবীর কথায়, পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে তা লিপস এন্ড বাউন্ডসের সম্পত্তি নয়। দাগ নম্বর তুলে শুনানিতে রাজ্য আরও জানায়, লিপস এন্ড বাইন্ডসের অংশ ৫০৯ এবং ৫১২। সেখানে কোনও ভাঙচুর চালানোই হয়নি। ভাঙা হয়েছে ৫০৭ দাগ নম্বরে। এক্ষেত্রে স্থিতাবস্থার নির্দেশ প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানানো হয় রাজ্যের তরফে। পালটা লিপস এন্ড বাউন্ডসের আইনজীবী কিশোর দত্তের অভিযোগ, নূন্যতম নোটিশ দেওয়া হয়নি লিপস এন্ড বাউন্ডসকে। অভিযোগে কী ছিল, কোন নথির ভিত্তিতে বেআইনি নির্মাণ বলা হয়েছে, সেই সমস্ত তথ্যও দেওয়া হয়নি বলেও অভিযোগ। শুধু তাই নয়, কোনও বক্তব্যের সুযোগ না-দিয়েই দপ্তর ভাঙা হয়েছে বলে দাবি কিশোর দত্তের। দু'পক্ষের বক্তব্য শোনার পর আদালত আগামী ৬ আগস্ট ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement