দুর্নীতিতে জিরো টলারেন্স রাজ্য সরকারের। বিজেপি নেতা পরিচয়ে বালি ভর্তি গাড়ি থেকে টাকা আদায়ের অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত। ঘনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ায়। পদ্মশিবির স্পষ্ট জানিয়েছে, দল এই কাজের পাশে নেই।
জামুড়িয়া থানার অন্তর্গত চুরুলিয়ার মদনতোড় এলাকা দিয়ে বালি বোঝাই লরি যাতায়াত করে। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, লরি থামিয়ে চালকদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হচ্ছে। সরকারি নিয়ম মেনে আন্ডারলোড বালি নিয়ে যাওয়া লরিগুলিকে মাঝপথে আটকে লরি-পিছু ২০০ টাকা করে দাবি করা হচ্ছিল। তোলাবাজির সময় ওই ব্যক্তি নিজেকে বিজেপি নেতা বলে পরিচয় দিচ্ছেন। এক লরি চালক সেই ভিডিও করেছেন (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)। ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি ফোন করায় আছিলায় টাকা চাইছেন। যুবককে চালকদের সঙ্গে বচসায় জড়াতে দেখা গিয়েছে। গাড়ি প্রতি ২০০ টাকা করে নেওয়া হয়েছে বলেও অভিযোগ।
অভিযোগ পাওয়ার পরই, অভিযুক্ত রাকেশ মাজিকে গ্রেপ্তার করেছে পুলিশ। হেফাজতে নিয়েছে পুলিশ। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান, "দলের নাম ব্যবহার করে কেউ বেআইনি কাজ করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।"
উল্লেখ্য, দলে বিচ্যুতি ঘটেছে তা স্বীকার করছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। কড়া বার্তা দিয়েছেন। বহিষ্কার করা হয়েছে বেশ কয়েকজনকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিধায়কদের নামেও অভিযোগ দায়ের হয়েছে। এবার আসানসোলে বিজেপি নেতার নাম করে বালি বোঝাই লরি থেকে তোলাবাজির অভিযোগ উঠল।
