শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই কলেজ পড়ুয়ায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি এক। এদিন সকালে একটি বড় কন্টেনারের সঙ্গে ধাক্কা লাগে বাইকের, তাতেই দুর্ঘটনা (Accident)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) আমবাড়ি হাতি মোড় রাজ্য সড়কে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
মৃত দুই যুবকের নাম কর্ণদেব মণ্ডল, শুভাশিস ওরাঁও। দুই জন একটি বেসরকারি কলেজের ছাত্র বলে জানা গিয়েছে। আহত যুবকের নাম দীপঙ্কর মজুমদার। তাঁকে গুরুত্বর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সেখানেই চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালে ঘন কুয়াশা ছিল এলাকায়। রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বড় কন্টেনারটি। দ্রুত গতিতে ছুটে আসা বাইক চালক পডুয়ারা সেটি দেখতে পারেনি। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটিতে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। বিকট শব্দ শুনে আসেন স্থানীয়রা। তারাই আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খবর যায় স্থানীয় থানায়। ছুটে আসে পুলিশ। দেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
