খাদিকুলের সেই ভয়াবহ বাজি কারখানা বিস্ফোরণ। যা কেড়ে নিয়েছিল ১১টি প্রাণ। তার সঙ্গে মূল অভিযুক্ত হিসাবে জড়িয়েছিল ভানু বাগের নাম। যে ঘটনার দুঃসহ স্মৃতি মনে পড়লে আজও ভয়ে শিউরে ওঠে এগরাবাসী, সেই ভানু বাগের ছায়া যেন কিছুতেই কাটছে না। বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত ভানু বাগের পরিবারের এক সদস্যকে এবার তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি পদ দেওয়া হয়েছে। এই পদ নিয়ে বিধানসভা ভোটের মুখে এগরার রাজনৈতিক মহলে জোর শোরগোল। বিজেপি এবং তৃণমূলের মধ্যে চলছে জোর রাজনৈতিক আকচাআকচি।
২০২৩ সালের ১৬ মে, খাদিকুলের অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা। সেই সময় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে স্থানীয় বাজি কারখানার মালিক ভানু বাগের। যিনি পরে ওড়িশায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিস্ফোরণের ঘটনায় ভানু বাগের ছেলে পৃথিজিৎ বাগ, ভাইপো ইন্দ্রজিৎ বাগ এবং প্রসেনজিৎ বাগ গ্রেপ্তার হয়। পরে অবশ্য তারা জামিনে মুক্তি পায়। সেই সময় থেকেই তৃণমূলের বিরুদ্ধে অবৈধ বাজি ব্যবসাকে মদত দেওয়ার অভিযোগ তুলেছিল বিরোধীরা। যদিও সে অভিযোগ বারবার উড়িয়ে দেয় শাসক শিবির। তাদের দাবি, বাজি ব্যবসা যেখানে গজিয়ে উঠেছে সেখানেই রুখে দাঁড়িয়েছে প্রশাসন।
খাদিকুল বিস্ফোরণে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এলাকা। ফাইল ছবি
এবার সেই ভানুর পরিবারের সদস্যকে সাংগঠনিক বড় দায়িত্ব দেওয়ায় বিতর্ক নতুন মাত্রা পেল। এই ঘটনা সামনে আসতেই আসরে নেমেছে বিজেপি। তাদের দাবি, তৃণমূল যে অপরাধীদের সাথে আপস করে, তা স্পষ্ট হল। বিজেপি নেতৃত্বের কথায়, "১১ জন মানুষের রক্তের উপর দিয়ে যারা কারবার চালিয়েছে, তাদেরই পুরস্কার দিচ্ছে তৃণমূল।" যদিও বিতর্কের মুখে তৃণমূলের ব্লক নেতৃত্ব এই অভিযোগকে আমল দিতে নারাজ। তাদের দাবি, সংগঠনের কাজের ভিত্তিতেই নিয়োগ করা হয়েছে। কার পরিবারে কে অপরাধ করেছে, তার দায় অন্য সদস্যের উপর চাপানো যায় না। যদিও ভানু বাগের পরিবারের সদস্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
