shono
Advertisement
BJP

'মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত', বিজেপি বিধায়ককে তোপ দলেরই শীর্ষ নেতার

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুইকে নিশানা করে দলের জেলা কমিটির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সমাজমাধ্যমে একের এক বিস্ফোরক পোস্ট করেছেন।
Published By: Kousik SinhaPosted: 10:03 PM Feb 15, 2026Updated: 10:06 PM Feb 15, 2026

বিধানসভা নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে পারদ। শাসক বিরোধী সব দলই ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এর মধ্যেই ফের 'বিদ্রোহ' বিজেপির ঘরে। নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক বিজেপির জেলা কমিটির সদস্যের। শুধু ফেসবুকেই নয়, করলেন বিস্ফোরক অভিযোগও। বলেন, "মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বর্তমান বিধায়ক।" এমনকী বর্তমান বিধায়ক ফের প্রার্থী হলে নির্দল হয়ে দাঁড়ানোরও হুঁশিয়ারি। আর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আর ভোটের আগে সামনে চলে এসেছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব।

Advertisement

দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘরুইকে নিশানা করে দলের জেলা কমিটির সভাপতি অভিজিৎ ভট্টাচার্য সমাজমাধ্যমে একের এক বিস্ফোরক পোস্ট করেছেন। যেখানে পদ্ম বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। সম্প্রতি ফের দুটি পোস্টে তিনি সরাসরি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন। শুধু তাই নয়, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যদি দল ওই বিধায়ককেই প্রার্থী করে, তাহলে আমিও নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবো।”

বিজেপি নেতার এহেন পোস্ট ঘিরে বিতর্ক।

তিনি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নাম না নিয়ে ফেসবুকে পোস্ট করেন, 'দুর্গাপুরের এক প্রভাবশালী নেতা যিনি আইপ্যাকের এজেন্ট ওনার বিরুদ্ধে সমালোচনা হলেই উনি তাকে তৃণমূলের লোক বলে দিচ্ছেন আসলে তৃণমূল ও আইপ্যাকের লোক উনি নিজে।'

অভিজিৎ জানান, "বিধায়ক আই-প্যাকের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছেন।" এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় জেলা বিজেপির অন্দরে। যদিও এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মন্ডল পাল্টা বলেন, “যিনি এই ধরনের মন্তব্য করছেন, তিনি নিজেই তৃণমূলের সঙ্গে যোগ রেখে কাজ করছেন। তাঁর কাছে প্রচুর টাকা রয়েছে, তাই নির্দল প্রার্থী হওয়ার কথা বলছেন। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জয়লাভ করবে বিজেপিই।”

সমালোচনায় সরব হয়ে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, "দলের বিধায়ককেই মানছে না দলের কর্মীরা। কারণ ওনারা ঠিকই বুঝতে পেরেছেন লক্ষ্মণবাবু কিছুই কাজ করেননি। আগামী দিনে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো বাড়বে। বঙ্গে তৃণমূল ঝড়ে উড়ে যাবে বিজেপি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement