shono
Advertisement
Ashoknagar-Kalyangath municipality

দুর্নীতি লুকনোর চেষ্টা? বাড়িতে সরকারি নথি পুড়িয়ে গ্রেপ্তার পুরপ্রধান

পুরসভার কোন কোন গুরুত্বপূর্ণ নথি পোড়ানো হয়েছে, তার পিছনে কী উদ্দেশ্য ছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
Published By: Sayani SenPosted: 02:29 PM Jun 13, 2026Updated: 02:29 PM Jun 13, 2026

রাতের অন্ধকারে অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের বাড়িতে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানোর অভিযোগ। আর তার জেরে পুরপ্রধানকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরসভার কোন কোন গুরুত্বপূর্ণ নথি পোড়ানো হয়েছে, তার পিছনে কী উদ্দেশ্য ছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে প্রবোধ সরকারের বাড়ি থেকে পোড়া কাগজের তীব্র গন্ধ বেরতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বিষয়টি দ্রুত জানানো হয় স্থানীয় বিজেপি নেতৃত্বকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি কর্মী-সমর্থকেরা। পরবর্তীতে অশোকনগর থানার পুলিশও ঘটনাস্থলে আসে। অভিযোগ, দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকির পরও বাড়ির ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। পুলিশ বাধ্য হয়ে পাঁচিল টপকে বাড়ির ভিতরে ঢোকে। পরে চেয়ারম্যান প্রবোধ সরকার ও তাঁর স্ত্রী বাইরে আসেন। পুলিশকে জানানো হয়, বাড়ির বাগানে কিছু নারকেল ও সুপারি গাছের শুকনো পাতা পোড়ানো হয়েছে।

তবে অভিযোগকারীদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে আগুন তখনও জ্বলছে। এবং সেই আগুনের মধ্যেই পুরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পোড়ানো হচ্ছিল। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু পোড়া ও আংশিক পোড়া নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। এরপর চেয়ারম্যান প্রবোধ সরকারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযোগ দায়ের হওয়ার পর প্রবোধ সরকারকে গ্রেপ্তার করা হয়। তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। পুরসভার কোন কোন গুরুত্বপূর্ণ নথি পোড়ানো হয়েছে, তার পিছনে কী উদ্দেশ্য ছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement